মাদ্রিদ, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপীয় ফুটবল লিগগুলোতে রোববারের রাতটা ছিল অঘটনে ভরা। রিয়াল মাদ্রিদ ১-২ গোলে হেরেছে সেভিয়ার কাছে। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ২-০ গোলে হারিয়েছে লিভারপুলকে। ইতালিয়ান 'সিরি-আ'-তে আটলান্টার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এসি মিলান। ওদিকে দুরন্ত গতিতে এগিয়ে চলা জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়ে মৌসুমে তাদের প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছে পালেরমো।
একেতো সেভিয়ার মাঠে খেলা, তার ওপর ক্রিস্টিয়ানো রোনলাদো খেলছেন না। এ দুটো বিষয়ই হয়তো শেষ পর্যন্ত ডুবিয়েছে রিয়াল মাদ্রিদকে। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রন নিয়ে নেয় সেভিয়া। ৩৩ মিনিটে জেসাস নাভাসের গোল এগিয়ে দেয় তাদের। প্রথমার্ধে আরও দুই গোলে এগিয়ে যেতে পারতো তারা। ইকার ক্যাসিয়াসের বিশ্বস্ত হাত জোড়া বাঁচিয়ে দেয় রিয়ালকে।
দ্বিতীয়ার্ধেও মুহূর্মুহূ আক্রমনে রিয়াল রক্ষনভাগকে ব্যস্ত করে তোলে সেভিয়া। তবে ৫৮ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। পেপ-এর হেড সমতায় ফেরায় তাদের। কিন্তু ৮ মিনিট পর আবার এগিয়ে যায় সেভিয়া। ফাঁকায় দাঁড়ানো রেনেটার হেড ক্যাসিয়াসকে বোকা বানিয়ে জড়িয়ে যায় জালে।
ইংলিশ প্রিমিয়ার লিগে "বিগ ফোর"- দের ম্যাচে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ২-০ গোলে জিতেছে লিভারপুলের বিপক্ষে। দ্বিতীয়ার্ধে গোল দুটি পেয়েছে ব্লুজরা। ৫৯ মিনিটে প্রথম গোল করেন ফ্রান্সের নিকোলাস আনেলকা। খেলার শেষ মিনিটে আরেক ফ্রেঞ্চম্যান ফ্লোরেন্ত মালুদা গোল করে অল রেডদের পরাজয় নিশ্চিত করে দেন।
ওদিকে আর্সেনাল বিশাল জয় পেয়েছে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে। ৩৩ মিনিটে সময় গানার্সদের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থাকা রোভার্স শেষ পর্যন্ত খেয়েছে ৬ গোল।
ইতালিয়ান সিরি এ তে দুর্দশা পিছু ছাড়ছে না এসি মিলানের। আবারো তারা ড্র করেছে। প্রতিপক্ষ ছিল আটলান্টা। তবে দুর্দশার মাঝেও এসি মিলানের জন্য একটাই সুখবর, রোনালদিনহো গোল পেয়েছেন। তার ৮৩ মিনিটে করা গোলেই আটলান্টার মাঠ থেকে ড্র করে ফিরতে পেরেছে মিলান।
২১ মিনিটের সময় সিমোন তিরিবোচ্চির গোলে এগিয়ে গিয়েছিল আটলান্টা। কিন্তু তারপরও রোনালদিনহোর জন্য জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি তাদের।
জুভেন্টাসকে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছে পালেরমো। ফাবিও হেনরিক ও ইডিসন কাভানির গোলে নিজেদের মাঠে ২-০ গোলে জুভদের হারিয়েছে তারা।
আরেক ম্যাচে অনেক দিন পর জ্বলে উঠেছেন ফ্রান্সেসকো ট্টটি। তার জোড়া গোলে নাপোলির বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পেয়েছে রোমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২০৫৬ ঘ.
bdnews24