২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান সালাউদ্দিন

দূর-দূরান্ত থেকে শুভাকাঙ্খীদের কেউ কেউ শুভেচ্ছা জানাতে এসেছেন কাজী সালাউদ্দিনকে। কারো হাতে ফুলের তোড়া। কেউ এনেছেন মিষ্টি। যারা আসতে পারেননি তারাও পিছিয়ে থাকেননি। সেল ফোনে অভিনন্দন জানিয়েছেন তাকে। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর সভাপতি নির্বাচিত হওয়ার পর এভাবেই শুভাকাঙ্খীরা তাকে অভিনন্দন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 03:51 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দূর-দূরান্ত থেকে শুভাকাঙ্খীদের কেউ কেউ শুভেচ্ছা জানাতে এসেছেন কাজী সালাউদ্দিনকে। কারো হাতে ফুলের তোড়া। কেউ এনেছেন মিষ্টি। যারা আসতে পারেননি তারাও পিছিয়ে থাকেননি। সেল ফোনে অভিনন্দন জানিয়েছেন তাকে। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর সভাপতি নির্বাচিত হওয়ার পর এভাবেই শুভাকাঙ্খীরা তাকে অভিনন্দন জানান। দেশের গন্ডি পেরিয়ে তিনি এখন একটি আন্তর্জাতিক ফুটবল সংস্থার নেতা। দু'দুটো ফেডারেশনের সভাপতি। গুরুদায়িত্ব কাঁধে। কর্মব্যস্ত জীবনে ব্যস্ততা আরো বাড়লো। তাই বলে ভয় পাওয়ার লোক নন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সভাপতি। রোববার বাফুফে ভবনে তিনি বলেন, "আমি ফুটবলের জন্যই কাজ করবো। বাংলাদেশের ফুটবল সাফ থেকে লাভবান হবে। এই দায়িত্ব আমার জন্য চ্যালেঞ্জ। সবদিক ভেবেই আমি সাফ সভাপতির দায়িত্ব নিতে রাজি হয়েছি।" দক্ষিণ এশিয়ায় অকার্যকর একটি ফেডারেশন হিসেবেই পরিচিতি পেয়েছে সাফ। একমাত্র চ্যাম্পিয়নশিপও নিয়মিত আয়োজন করতে পারেননি আগের কর্মকর্তারা। প্রায় স্থবির এই আঞ্চলিক ফুটবল ফেডারেশনকে কার্যকর একটি প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব ফুটবলে অঙ্গনে পরিচিত করে তুলতে চান নতুন সভাপতি সালাউদ্দিন। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি অতীত নিয়ে কথা বলতে চাই না। বর্তমান এবং ভবিষ্যত নিয়ে থাকতেই ভালবাসি। ভাল কাজ দেখাতে পারলে একটি ছোট প্রতিষ্ঠানও প্রশংসা পায়। আমি তেমন কিছু করে দেখাতে চাই।" সাফের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি শনিবার। দায়িত্ব বুঝে নিতে অপেক্ষায় থাকতে হবে আরো দু'মাস। ডিসেম্বরে (১ থেকে ৩ তারিখের মধ্যে) ঢাকায় সাফের কার্যনির্বাহী কমিটির সভায় আগের কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেবে নতুন কমিটির কাছে। তার আগেই নিজেকে গুছিয়ে নিতে চান সালাউদ্দিন। তিনি বলেন, "শুধু একটি মাত্র টুর্নামেন্টই নয়, সাফ চ্যাম্পিয়ন্স লিগ, অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং আঞ্চলিক প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। এ অঞ্চলের ফুটবল যাতে বিশ্ব ফুটবল অঙ্গনে মাথা তুলে দাঁড়াতে পারে সেই ব্যবস্থাই করা হবে।" শূন্য কোষাগার সমৃদ্ধ করা, পেশাদার লোক দিয়ে অফিসের কর্মকাণ্ড পরিচালনা, এমন কি, ফিফা ও এএফসির কাছ থেকেও সমীহ আদায় করে নেয়ার ইচ্ছে নতুন সভাপতির। কিন্তু চার বছরে সব গুছিয়ে আনা কিংবা দক্ষিণ এশিয়ার ফুটবলকে রাতারাতি বদলে দেয়ার জাদুর কাঠি নেই সালাউদ্দিনের কাছে। চেষ্টা আর পরিশ্রম দিয়ে এ সময়ের মধ্যেই সাফের সাংগঠনিক ভিত মজবুত করতে চান। "চার বছরে আমি এমন একটি সংগঠন তৈরি করবো, যাতে বিশ্ব ফুটবলের কর্ণধাররা বলতে বাধ্য হন সাফ একটি কার্যকর প্রতিষ্ঠান," সালাউদ্দিনের কণ্ঠে আশা। আট দেশের ফুটবল সংগঠকদের ঐক্যের প্রতিষ্ঠান সাফকে কার্যকর করা সম্ভব হলে জাতীয় ফেডারেশনগুলোরও ভালভাবে চলার কথা। সেভাবেই পরিকল্পনা হাতে নিয়েছেন নতুন সভাপতি। আট দেশের ফুটবল সূচির সঙ্গে মিল রেখে তৈরি করতে চান সাফের সূচি। না পারলে নিজ থেকে সরে দাঁড়াতে দু'বার ভাববেন না বলে জানান তিনি। বলেন, "আমি ক্ষমা চেয়ে বিদায় নিতে চাই না। ব্যর্থ হলে নির্দিষ্ট সময়ের আগেই চেয়ার ছেড়ে দেবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডককম/এসএ/টিআর/২১৫৭ ঘ.