ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিখিত ঘোষণাই ছিল দক্ষিন এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর সভাপতি হতে যাচ্ছেন কাজী সালাউদ্দিন। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। শনিবার সাফ কংগ্রেসে সেটাও হয়ে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)'র সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফ সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। এর আগে সাফের সভাপতি ছিলেন নেপাল ফুটবল ফেডারেশনের সভাপতি গনেশ থাপা।
আন্তর্জাতিক কোনো ফুটবল সংস্থায় এই প্রথম কর্মকর্তা হিসেবে নির্বাচিত হলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অল-ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আলবার্তো কোলাসো। এর আগে টানা আট বছর সাফ সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা ফুটবল কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু। ২০০০ সালে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বাচ্চু। এরপর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন ২০০৪ সালে।
স্থায়ী কোনো গঠনতন্ত্র না থাকায় সাফ কমিটির মেয়াদ নির্দিষ্ট করা নেই। তবে সভাপতি নির্বাচিত হওয়ার আগেই সালাউদ্দিন ঘোষণা দিয়েছেন "সভাপতি হলে সাফের গঠনতন্ত্র তৈরির পাশাপাশি দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য কার্যকর ফুটবল সংস্থায় পরিণত করবেন সাফকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৩৫ ঘ.
bdnews24