ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেডারেশন কাপ ফুটবলে জয়ের ধারায় আছে ঢাকা মোহামেডান। বিকেএসপিকে ৮-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। অন্য ম্যাচে ফেনী সকার ক্লাব ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
মোহামেডানের বিশাল জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন দেশ সেরা স্ট্রাইকার এমিলি ও বিদেশি ফুটবলার বুকলা। দু'জনেই হ্যাট্রিক করেছেন। মোহামেডানের পক্ষে বাকি দু'টি গোল করেন নাসির ও এমেকা (বিদেশি)। বিকেএসপির পক্ষে এক মাত্র গোল করেন কানন।
অন্য ম্যাচে ব্রাদার্সকে ১-২ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাব। প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে জমে ওঠে খেলা। ৭ মিনিটের মধ্যে ২ গোল করে ফেনী সকার ক্লাব ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। বিদেশি নক বেনটিল ব্রাদার্সের পক্ষে ৭২ মিনিটে একটি গোল শোধ করেন। শেষ পর্যন্ত ১-২ গোলে হার মেনে মাঠ ছাড়ে গোপীবাগের দলটি।
ফেনী সকার ক্লাবের পক্ষে গোল দু'টি করেন মোনায়েম খান রাজু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিএ/টিআর/২৩০২ ঘ.
bdnews24