ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগের বৃহস্পতিবারের খেলায় ২-০ গোলে সিএসকে সোফিয়ার বিপক্ষে জিতেছে ইতালিয়ান ক্লাব রোমা। তবে হেরেছে 'সিরি-এ'-র আরেক দল জেনোয়া। ৩-২ গোলে তাদের বিপক্ষে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া।
জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল এভারটন ও ফুলহ্যাম। এভারটন ২-১ গোলে বাতেকে এবং ফুলহ্যাম ১-০ গোলে বাসেলকে হারিয়েছে। সলসবুর্গ ২-০ গোলে ভিলারিয়ালের বিপক্ষে জিতেছে। লেভস্কি সোফিয়ার বিপক্ষে ০-৪ গোলের বিশাল ব্যবধানে জিতেছে ল্যাজিও ।
পরাজয়ের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এসেছে রোমা। ইউরোপা লিগের প্রথম ম্যাচে হেরেছিলো তারা। জয়ের দেখা পেলো দ্বিতীয় ম্যাচে। খেলার ২৩ মিনিটের মধ্যে দুই গোল করে সিএসকে সোফিয়ার বিপক্ষে জয় নিশ্চিত করে রোমা। গোল দু'টি করেন চুকা ওকাকা ও সিমোন পেরোত্রা।
দুর্দান্ত ফুটবল খেলেছে ভ্যালেন্সিয়া ও জেনোয়া, দু'দলই। প্রথমে গোল করে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হার মেনে মাঠ ছাড়তে হয়েছে জেনোয়াকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯১০ ঘ.
bdnews24