ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেলার মান যা-ই হোক, ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচের প্রতিই আকর্ষণ ছিল সবার। ঢাকা আবাহনী - চট্টগ্রাম আবাহনীর সেই ম্যাচে আবাহনীই জিতেছে ২-০ গোলে।
জয় পেলেও ছন্দময় ফুটবল খেলতে পারেনি আবাহনী। সমর্থকদের মন ভরাতে পারে তেমন আক্রমনও দেখা যায়নি। প্রথমার্ধে চট্টগ্রাম আবাহনীর প্রতিরোধের সামনে অনেক সময় অসহায়ই মনে হয়েছে ঢাকার জায়ান্টদের।
৫৭ মিনিটে প্রথম গোল পায় আবাহনী। গোল করেন রবীন। ৮৫ মিনিটে আবাহনীকে স্বস্তি এনে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইব্রাহিম আইডু।
অন্য ম্যাচে পুলিশের বিপক্ষে ০-১ গোলে অতি কষ্টের জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
অবসরের সময় ঘনিয়ে এসেছে জাতীয় দলের এমন সাবেক তারকা ফুটবলার নিয়েই মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। মাঠের পারফরম্যান্সেও তাদের পড়ন্ত ফর্মেরই ছায়া।
২৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সাইফুল ইসলাম মনি। এরপর কোনো গোল তো মুক্তিযোদ্ধা পায়ইনি উল্টো তাদেরর দুজনকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় লাল কার্ড পান সাইফুল ইসলাম মনি। আর ফাউল করে দ্বিতীয়বার বার হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় আশরাফকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২১৪৫ ঘ.
bdnews24