২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিডোর সামনে সাফে এক নম্বর হওয়ার চ্যালেঞ্জ

বাংলাদেশের ফুটবল আগে কখনো জাতীয় দলের জন্য এত আয়োজন দেখেনি ! এতদিনের গরীবিয়ানা বাদ দিয়ে এবার জাতীয় দলের জন্য সাধ্যমতো সব অনুষঙ্গ নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন, "আমাদের আর্থিক গন্ডির মধ্যে থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করছি বাংলাদেশ দলকে ভবিষ্যতে একটি ভাল দল হিসেবে দাঁড় করাতে। আর এটাই হচ্ছে তার শুরু।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বাংলাদেশের ফুটবল আগে কখনো জাতীয় দলের জন্য এত আয়োজন দেখেনি ! এতদিনের গরীবিয়ানা বাদ দিয়ে এবার জাতীয় দলের জন্য সাধ্যমতো সব অনুষঙ্গ নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন, "আমাদের আর্থিক গন্ডির মধ্যে থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করছি বাংলাদেশ দলকে ভবিষ্যতে একটি ভাল দল হিসেবে দাঁড় করাতে। আর এটাই হচ্ছে তার শুরু।" শুরুর দিনটা ৩১ জানুয়ারি, শনিবার। বিকেলে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে এডসন সিলভা ডিডোর সঙ্গে। এই ব্রাজিলিয়ানের সহকারী শফিকুল ইসলাম মানিক কাজ করছেন আগে থেকেই। কয়েক মাস আগে নিয়োগ পাওয়া শহীদুর রহমান সান্টু টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে গ্রাউন্ড-ওয়ার্ক শুরু করে দিয়েছেন। আসছেন আর্জেন্টাইন ট্রেনার অ্যারিয়েল কোলম্যানও। আরো যদি কিছু লাগে তারও নিশ্চয়তা দিচ্ছেন বাফুফে সভাপতি। বিনিময়ে তার চাওয়া- দক্ষিণ এশীয় অঞ্চলের শ্রেষ্ঠত্ব। শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত নতুন কোচও সভাপতির চাওয়াটা শুনেছেন। সংবাদ সম্মেলনটা মূলত নতুন ব্রাজিলিয়ান কোচ এডসন সিলভা ডিডোর সঙ্গে বাফুফের চুক্তি স্বাক্ষর উপলক্ষে। আনুষ্ঠানিকতা সেরে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পাওয়া ডিডো আশার কথা শোনালেন এভাবে, "আশাকরি আমি এই মিশনে সফল হবো। এদেশের ফুটবল উন্নয়নের জন্য আমি সাধ্যমতো চেষ্টা করবো।" মাসে ৪ হাজার ডলার বেতনে কাজ করতে তিনি গত ২৪ জানুয়ারি ঢাকায় এসেছেন। সেই থেকে বি. লিগের ম্যাচ দেখে খেলোয়াড় বাছাইয়ের কাজ করছেন। কারণ ইতিমধ্যে তিনি জেনে গেছেন তার প্রথম পরীক্ষা হবে আগামী এপ্রিলে ঢাকায় অনুষ্ঠেয় এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে। এতে নিজেকে প্রমাণের তাগিদও অনুভব করছেন এই ব্রাজিলিয়ান। তাই প্রস্তুতির স্বার্থে জাতীয় দলকে নেপালে প্রধানমন্ত্রী কাপে পাঠাতে বাদ সেধেছেন তিনি। বি. লিগ শেষ হলেই ডিডো হাতে-কলমে প্রশিক্ষণের কাজে নেমে পড়বেন ফুটবলারদের নিয়ে। যাদের নিয়ে কাজ তাদের খেলা দেখে নতুন কোচের ধারনা, "এখানে অনেক তরুণ প্রতিভাবান খেলোয়াড় আছে। আমার কাজ হচ্ছে তাদের টপ লেভেলে খেলার জন্য তৈরি করা। তাদের সেই সামর্থ্য আছে। তাদের মানসিকতায় পরিবর্তন আনা ও ফুটবল-সেন্স ঠিক করার জন্য কাজ করতে হবে।" এই ব্রাজিলিয়ান ক্রিয়েটিভ মিডফিল্ডারের কোচিং ক্যারিয়ারের বয়স ১০ বছর, তার সেরা সাফল্য হচ্ছে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে সি গেমসে ২০০১ সালে ব্রোঞ্জ জয়। বাংলাদেশকে সঙ্গে নিয়ে তিনি ওই সাফল্যকে ছাড়িয়ে যেতে চান। ডাচ নাগরিকত্ব নেওয়া এই কোচের কাছে সাফল্যের সোজা-সাপ্টা রাস্তা হচ্ছে আক্রমণাত্মক ফুটবল, "আমার মধ্যে ব্রাজিলিয়ান ও ডাচ ফুটবলের প্রভাব আছে। কোচিং সিস্টেম আর মেথডের কথা যাই বলা হোক ম্যাচ জিততে হবে। তাই অ্যাটাকিং ফুটবলের কোনো বিকল্প নেই।" শফিকুল ইসলামের মানিকের রক্ষণাত্মক কৌশল ছেড়ে এবার ডিডোর তত্ত্বাবধানে বাংলাদেশ তৈরি হবে আক্রমণাত্মক ফুটবলের জন্য। আর রক্ষণাত্মক মানিক থাকবেন তার ডেপুটি হয়ে ! এই সংবাদ সম্মেলনে হাজির ছিলেন মানিকও। ছিলেন নতুন টেকনিক্যাল ডিরেক্টর সহীদুর রহমান সান্টু। নতুন ভূমিকায় এই দুজনকে পরিচয় করিয়ে দিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়। তিনি বলেছেন, "শান্টু, ডিডো, মানিক ও কোলম্যানই হবে আমাদের জাতীয় দল তৈরির কারিগর। এখন থেকে বাফুফের বিভিন্ন বয়সভিত্তিক দল এবং মূল দল গঠন, প্র্যাকটিসের ব্যাপারে সব সিদ্ধান্ত নেবেন তারা। আমরা তাদেরকে সাহায্য করে যাবো।" এখানে আগে কাজ করে যাওয়া ট্রেনার কোলম্যান ফেব্র"য়ারিতে ঢাকায় আসছেন। আসার পরপরই জাতীয় দল নিয়ে কাজে লেগে পড়বেন। টেকনিক্যাল ডিরেক্টর হলেও সাবেক তারকা গোলরক্ষক সান্টুর সাহায্য চেয়েছেন ডিডো জাতীয় দলের গোলকিপিঙের মানোন্নয়নের জন্য। এএফসি চ্যালেঞ্জ কাপের পর তারা আবার একযোগে নেমে পড়বেন সারাদেশে ফুটবল প্রশিক্ষণের কাজে। এ কাজে ডিডো অবশ্য আরো প্রশিক্ষিত কোচের প্রয়োজনের কথা জানিয়েছেন, "এএফসি কাপের পর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে কাজে নামতে হবে। নতুন প্রজন্মকে তৈরি করতে আরো পেশাদার কোচের প্রয়োজন আছে।" সেই প্রয়োজনের কথা পরে। এখন যারা আছেন তাদের এক বছরের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। সেই লক্ষ্যের কথা শুনুন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের মুখে, "এখন আমরা সাফে ৭ নম্বরে (গত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফল অনুযায়ী) আছি। আগামী সাফ গেমসে আমি বাংলাদেশকে এক নম্বরে দেখতে চাই। এই লক্ষ্যের কথা আমি ডিডোকেও জানিয়ে দিয়েছি।" ডিডোর সঙ্গে চুক্তি এক বছরের। ভাল কিছু উপহার পেলে মেয়াদ বাড়তেও পারে। তবে বিফলে তার নিয়তি হবে নামি-দামী কোচের মতোই। সেকথা বাফুফে সভাপতি আগেভাগেই জানিয়ে রেখেছেন, "বার্সেলোনাকে চ্যাম্পিয়ন করানোর পরও রাইকার্ডের মতো কোচকে বিদায় নিতে হয়েছে। পুরো পৃথিবী জুড়ে কোচের মূল্যায়ন হয় সাফল্য-ব্যর্থতা দিয়ে। ডিডোর বেলায়ও তাই হবে।" তবে ব্যর্থতা মানে আগের মতো অসম্মান নয়, প্রাপ্য সম্মান দিয়েই কোচকে বিমানে উঠিয়ে দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন সালাউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১২১ ঘ.