মেলবোর্ন, ৩১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যাচের স্কোরলাইন ৬-০, ৬-৩। এই স্কোরলাইনেই প্রমাণিত অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককের ফাইনাল কতটা একপেশে হয়েছে। শনিবার মেলবোর্ন পার্কে একপেশে এই ম্যাচে বিজয়ীর নাম সেরেনা উইলিয়ামস। রাশিয়ার দিনারা সাফিনাকে মাত্র ৫৯ মিনিটে বিধ্বস্ত করে চতুর্থ বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে নিয়েছেন তিনি।
দুজনের অভিজ্ঞতার মধ্যে ছিল বিস্তর ব্যবধান। সেরেনা এর আগে জিতেছেন ৯টি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের শিরোপা। আর সাফিনার মাত্র একবারই কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে (গত বছরের ফ্রেঞ্চ ওপেনে) ওঠার সৌভাগ্য হয়েছিল। কোর্টেও দুজনের অভিজ্ঞতার ফারাক ধরা পড়েছে প্রকটভাবে। প্রথম সেটে নিজের প্রথম সার্র্ভিস গেমে তিন-তিন বার ডাবল ফল্ট করেছেন স্নায়ুর চাপে ভোগা সাফিনা। প্রতিপক্ষের এই দুর্বলতার সুযোগ নিয়ে প্রথম সেট অতি সহজে জিতে নিয়েছেন সেরেনা।
দ্বিতীয় সেটে অবশ্য সাফিনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন। প্রথম গেমে সেরেনার সার্ভিস ব্রেকও করেছেন তিনি। কিন্তু ঐ পর্যন্তই। উইলিয়ামস পরিবারের ছোট বোনের জোরালো সার্ভিস এবং চোখ-ধাঁধানো গ্রাউন্ডস্ট্রোকের সঙ্গে লড়াই করা সম্ভব না হওয়ায় একরকম আত্মসমর্পণ করতে বাধ্যই হয়েছেন সাফিনা।
ক্যারিয়ারের দশম গ্র্যান্ড স্লাম শিরোপা জয় মেয়েদের র্যাংকিংয়ের শীর্ষেও পৌঁছে দিচ্ছে সেরেনাকে। গত সেপ্টেম্বরে ইউএস ওপেন জিতে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেও তা ধরে রাখতে পারেননি তিনি। তবে সোমবার প্রকাশিতব্য নতুন র্যাংকিংয়ে সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে হটিয়ে শীর্ষস্থানের মুকুট আবার পরতে যাচ্ছেন সেরেনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭১৬ঘ.
bdnews24