ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- সিটিসেল জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে রাজবাড়ী, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি, বাংলাদেশ আনসার ও দিনাজপুর জেলা জিতেছে।
জামালপুর স্টেডিয়ামে ব্রক্ষপুত্র অঞ্চলের খেলায় উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে রাজবাড়ী ১-০ গোলে স্বাগতিক জামালপুরকে হারিয়েছে। ২৫ মিনিটে একমাত্র গোলটি করেছেন আলেয়া। দ্বিতীয় ম্যাচে নারায়ণগঞ্জ সুখীর হ্যাটট্রিকে ৯-০ গোলে হারিয়েছে সিরাজগঞ্জকে। নারায়ণগঞ্জের সুখীর হ্যাটট্রিক ছাড়াও মুন্নী ও ইতি দুটি করে এবং পুতুল একটি গোল করেছেন। এই অঞ্চলের খেলা উদ্বোধন করেছেন জামালপুরের জেলা প্রশাসক আব্দুল মাবুদ।
রাঙ্গামাটি স্টেডিয়ামে কাপ্তাই অঞ্চলের প্রথম খেলায় স্বাগতিক রাঙ্গামাটি ৩-০ গোলে হারিয়েছে কুমিল্লাকে। জয়া চাকমা দুটি এবং রিনা দাশ একটি গোল করেছেন। দ্বিতীয় খেলায় বাংলাদেশ আনসার ৫-০ গোলে হারিয়েছে কক্সবাজারকে। নুবাই চিং মারমা দুটি এবং মাইনু মারমা, সুইনু মারমা ও জাহানারা একটি করে গোল করেছেন। এই অঞ্চলের খেলা উদ্বোধন করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নুরুল আমিন।
দিনাজপুর স্টেডিয়ামে তিস্তা অঞ্চলের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দিনাজপুর জেলা ১-০ গোলে হারিয়েছে নওগাঁকে। ২০ মিনিটে একমাত্র গোলটি করেছেন সুধা রায়। দিনাজপুরের জেলা প্রশাসক নবীউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিস্তা অঞ্চলের খেলা উদ্বোধন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.
bdnews24