২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাণিতিক সম্ভাবনা টিকিয়ে রাখল মোহামেডান

তাদের চোখ থেকে শিরোপার স্বপ্ন মুছে গেলেও ম্যাচ জয়ের ক্ষুধা এখনো মরেনি। তাই মোহামেডানের সামনে সেভাবে দাঁড়াতে পারেনি ফরাশগঞ্জ, হেরেছে ২-০ গোলে। এ জয়ে মোহামেডানের সংগ্রহ বেড়ে হয়েছে ১৭ খেলায় ৩৫ পয়েন্ট, ফলে তাদের শিরোপার গাণিতিক সম্ভাবনা এখনও টিকে আছে। তবে বাস্তব সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ শীর্ষে থাকা ঢাকা আবাহনীর (১৭ ম্যাচে ৪১ পয়েন্ট) বাকি ৩ ম্যাচ থেকে কেবল ৪ পয়েন্ট হলেই শিরোপা নিশ্চিত হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ----- তাদের চোখ থেকে শিরোপার স্বপ্ন মুছে গেলেও ম্যাচ জয়ের ক্ষুধা এখনো মরেনি। তাই মোহামেডানের সামনে সেভাবে দাঁড়াতে পারেনি ফরাশগঞ্জ, হেরেছে ২-০ গোলে। এ জয়ে মোহামেডানের সংগ্রহ বেড়ে হয়েছে ১৭ খেলায় ৩৫ পয়েন্ট, ফলে তাদের শিরোপার গাণিতিক সম্ভাবনা এখনও টিকে আছে। তবে বাস্তব সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ শীর্ষে থাকা ঢাকা আবাহনীর (১৭ ম্যাচে ৪১ পয়েন্ট) বাকি ৩ ম্যাচ থেকে কেবল ৪ পয়েন্ট হলেই শিরোপা নিশ্চিত হয়ে যায়। এমন ভেঙ্গে যাওয়া মন নিয়েও শুক্রবার মোহামেডান দুর্দান্ত গতিতে খেলেছে! শুরু থেকে ফরাশগঞ্জের ডিফেন্সে যেভাবে তারা আক্রমণের ঝড় বইয়ে দিয়েছে তাতে গোল পাওয়াটা ছিল শুধু সময়ের ব্যাপার। গোল হতে পারতো শুরতেই, ৫ মিনিটে শরীফের শট প্রথমে ঠেকায় ক্রসবার, তারপর ফিরতি বলে নাসিরের হেডেরও একই পরিণতি হয়। ১৮ মিনিটে মারুফের ক্রসে আব্দুল বাতেন কমলের হেড যায় ক্রসবার উঁচিয়ে। এই ব্যর্থতার পর ৩৭ মিনিটে দুর্দান্ত এক গোল উপহার দিয়েছেন আরমান আজিজ। অনেকদিন ঢাকা মাঠে দেখা যায়নি এরকম চমৎকার ফ্রিকিক। অনেক ওপর দিয়ে মারাটাই যেখানে নিয়মিত চিত্র সেখানে মোহামেডানের এই মিডফিল্ডার 'ওয়াল'-এর ওপর দিয়ে বলটিকে দারুন বাঁক খাইয়ে ফরাশগঞ্জের জালে জমা করে দিয়েছেন। তাতে ফরাশগঞ্জ গোলরক্ষক টিটু নড়ার সুযোগও পাননি। ৫৬ মিনিটে সেই আরমানের কর্ণার কিকে সুযোগ পেয়ে নষ্ট করেছেন কমল। ফাঁকা পোস্টে প্লেসিং করতে গিয়ে এই স্ট্রাইকার মেরেছেন বাইরে। তবে ৬৪ মিনিটে তিনি হেডটা পোস্টে রাখতে পেরেছেন, তাতেই ২-০ তে জয় নিশ্চিত হয় মোহামেডানের। অথচ মোহামেডানের এই ম্যাচের স্টার্টিং লাইন আপে ছিলেন না মিশরীয় হাজেম খালেদ, কোরিয়ান ওদোগি এবং হাসান আল মামুন। ইনজুরি থেকে ফেরেননি স্ট্রাইকার রবিনও। এদের মধ্যে হাজেম শেষদিকে মাঠে নামলেও ততক্ষণে মোহামেডান দুই গোলে এগিয়ে। আসলে তারা এখন দেশী খেলোয়াড়দের যত বেশি সম্ভব সুযোগ দেওয়ার কৌশল নিয়েছে। মোহামেডান কোচ মারুফুল হক যেভাবে বলেছেন, "আমাদের সম্ভাবনা এখন নেই বললেই চলে। তাই দেশী ফুটবলারদের ওপর নির্ভর করে আমরা এখন সামনের ম্যাচগুলো জিততে চাই।" প্রতিপক্ষ ফরাশগঞ্জের কোচ কামাল বাবুর আক্ষেপ, "মোহামেডানের বিপক্ষে কেন যেন আমরা নিজেদের কৌশল মতো খেলতে পারি না। প্রথমার্ধ ঠেকিয়ে দেওয়া ছিল লক্ষ্য, সেটা না হওয়ায় সব এলোমেলো হয়ে গেছে।" প্রথমার্ধ ঠেকিয়ে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ওপর চেপে বসার কৌশল নিয়েই তারা পুরো লিগ খেলেছে। কিন্তু এই কৌশলে খেলে প্রথম লেগে ২-১ গোলে হারার পর এবার হেরেছে ২-০ গোলে। তাই ১৭ খেলায় ২৩ পয়েন্ট নিয়ে তারা ষষ্ঠস্থানেই বসে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.