মেলবোর্ন, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যারিয়ারের দশম গ্র্যান্ড স্লাম একক শিরোপা জয় থেকে এক ধাপ পেছনে থাকতেই সেরেনা উইলিয়ামস গড়ে ফেলেছেন একটা রেকর্ড। অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের একক আর দ্বৈতের ফাইনালে ওঠার সুবাদেই ক্যারিয়ারে সবচেয়ে বেশি টাকা আয় করা নারী খেলোয়াড় হিসেবে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। পেছনে ফেলেছেন গলফ তারকা আনিকা সরেনস্ট্যামকে। আর তারপর তার সঙ্গে যোগ করেছেন আরো প্রায় ৭১ হাজার ডলার, বোন ভেনাসকে সঙ্গে নিয়ে দ্বৈতের শিরোপা জিতে।
শুক্রবারের ফাইনালে তাদের দুবোনের জুটি সরাসরি ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন ড্যানিয়েলা হানতুচোভা ও আই সুগিয়ামাকে।
এই জয়ের ফলে মোট ৪ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার বা ২ লাখ ৮৭ হাজার মার্কিন ডলার পাচ্ছেন তারা দু বোন। এর অর্ধেক, মানে ১ লাখ ৪৩ হাজার ডলার সেরেনার ভাগে ধরলে ক্যারিয়ারে তার মোট প্রাইজমানি দাঁড়ায় ২ কোটি ২৭ লাখ ৯৭ হাজার ডলার। শুধুমাত্র প্রাইজ মানি থেকে এত টাকা আয় করেননি আর কোনো নারী খেলোয়াড়।
শনিবারের ফাইনালে দিনারা সাফিনাকে হারালে আরো ১৩ লাখ ডলার জিতবেন তিনি, হেরে গেলেও পাবেন সাড়ে ৬ লাখ ডলার। এই টাকার সঙ্গে দ্বৈতের শিরোপা জেতার আগে ফাইনালে ওঠার সুবাদে জেতা ৭১ হাজার ডলার যোগ করেই আসলে ক্যারিয়ারে মোট প্রাইজমানি জেতায় সরেনস্ট্যামকে পেছনে ফেলেছেন তিনি। শুধু গলফ থেকে সরেনস্ট্যামের আয় ২ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ডলার।
bdnews24