২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানকে জেতাতে পারলেন না বেকহাম

এসি মিলানের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন ডেভিড বেকহাম, কিন্তু বুধবার জেনোয়ার বিপক্ষে তার ওই গোলও জয় এনে দিতে পারেনি মিলানকে। ১-১ গোলে ড্র করে শিরোপা লড়াই থেকে আরেকটু পিছিয়ে পড়েছে তারা। অন্য দিকে বেশিরভাগ সময় ১০জন নিয়ে খেলেও ক্যাটানিয়াকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে গেছে শীর্ষে থাকা ইন্টার মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 02:57 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

রোম, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এসি মিলানের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন ডেভিড বেকহাম, কিন্তু বুধবার জেনোয়ার বিপক্ষে তার ওই গোলও জয় এনে দিতে পারেনি মিলানকে। ১-১ গোলে ড্র করে শিরোপা লড়াই থেকে আরেকটু পিছিয়ে পড়েছে তারা। অন্য দিকে বেশিরভাগ সময় ১০জন নিয়ে খেলেও ক্যাটানিয়াকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে গেছে শীর্ষে থাকা ইন্টার মিলান। সাবেক ইংল্যান্ড অধিনায়ক বেকহামের খেলা দেখতে এদিন মিলানে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো। ৩৩ মিনিটে বামপ্রান্ত থেকে পাওয়া একটি ফ্রি কিক থেকে গোল করে জেনোয়াকে চমকে দেওয়ার পাশাপাশি তার মনোযোগও খানিকটা কাড়তে পেরেছেন বেকহাম। কিন্তু ম্যাচের শেষ দিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিয়েগো মিলিতোর গোলে মিলানের কাছ থেকে একটি পয়েন্ট কেড়ে নিয়েছে জেনোয়া। মিডফিল্ডার সুলে মুন্তারি লালকার্ড দেখায় ৩২ মিনিটের পর থেকেই ১০ জনের দলে পরিণত হয়েছিল ইন্টার, কিন্তু দুই অর্ধে দেইয়ান স্তানকোভিচ আর জ−াতান ইব্রাহিমোভিচের দুটি গোল অনায়াস জয়ই এনে দিয়েছে তাদের। ইন্টারকে আরো সুবিধা করে দিয়েছে তাদের আরেক প্রতিদ্বন্দ্বী জুভেন্টাসের হার। বুধবার উদিনেসের কাছে ১-২ গোলে হেরে গেছে তুরিনের দলটি। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ইন্টার এখন জুভদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে, আরো দুই পয়েন্ট পেছনে থেকে মিলান আছে তৃতীয় স্থানে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইয়ে পিছিয়ে পড়েছে লিভারপুল। বুধবার উইগান অ্যাথলেটিকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ৪১ মিনিটে ইয়োশি বেনাইয়োনের দেওয়া গোলে প্রথমার্ধে এগিয়ে থাকলেও ম্যাচশেষের ৭ মিনিট বাকি থাকতে পাওয়া পেনাল্টি থেকে গোল করে মিডো হতাশায় পুড়িয়েছেন তাদের। মাত্রই গত সপ্তাহে তাদের শীর্ষস্থান থেকে ছিটকে দেওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে এখনই ২ পয়েন্ট পেছনে 'অলরেড'রা, 'রেড ডেভিল'রা একটি ম্যাচ কম খেলেছে। এদিনের অন্য এক ম্যাচে সলোমন কালুর জোড়াগোলে মিডলবরোকে হারিয়ে লিভারপুলকে ধরে ফেলেছে চেলসি। আর এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০২৭ঘ.