ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আবাহনীর পক্ষে গোল হতে পারতো অনেক। কিন্তু হয়েছে মাত্র একটি; ওই এক গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়েই নীল-আকাশীরা শিরোপার একেবারে দ্বারপ্রান্তে। কোচ আমলেশ সেনের কণ্ঠেও যেন ঝরছে সেই সুবাস, "শিরোপা এখন নব্বই শতাংশ নিশ্চিত বলতে পারেন আমাদের।"
শিরোপা পুরোপুরি নিশ্চিত করতে তাদের দরকার মাত্র ৪ পয়েন্টের। বুধবারের জয়ে শীর্ষ দল ঢাকা আবাহনীর সংগ্রহ দাঁড়িয়েছে ১৭ ম্যাচে ৪১ পয়েন্ট। তাদের ঠিক পেছনে থাকা শেখ রাসেলের সংগ্রহ ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ঢাকা মোহামেডান। বাকি তিন ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে আবাহনী। তখন অন্য দুই প্রতিদ্বন্দ্বী শেখ রাসেল ও মোহামেডান নিজেদের বাকি সবকটি ম্যাচ জিতলেও কোনো লাভ হবে না।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য আবাহনী কেবল প্রথমার্ধেই নিজেদের সেরাটা উপহার দিয়েছে। সেই প্রথম মিনিট থেকেই তারা মুক্তিযোদ্ধার ওপর চড়াও হয়। বাঁদিক থেকে ওয়ালী ফয়াসালের আড়াআড়ি পাসের ওপর এমেকার শট পোস্টে না লাগলে প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো নীল-আকাশীরা। সেবার ব্যর্থ হলেও ১০ মিনিটে এমেকা সফল। তার বানিয়ে দেওয়া বলটি আয়ত্তে নিতেই ইব্রাহিম দেখেন সামনে শুধু গোলরক্ষক হিমেল, তাৎক্ষণিক প্লেসিং শটে এগিয়ে যায় আবাহনী। তারপর প্রাণতোষ দুটো চমৎকার সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধেই আরো বড় ব্যবধানে এগিয়ে থাকতে পারতো আবাহনী।
দ্বিতীয়ার্ধে অবশ্য আর সেই ধার দেখা যায় নি তাদের খেলায়। ম্যাচ শেষে আবাহনী কোচ অমলেশ সেন বললেন নিজেদের সীমাবদ্ধতার কথা, "কার্ড ও ইনজুরি সমস্যার কারণে আমরা এমনিতেই পুরো শক্তির দল নামাতে পারিনি। কার্ডের জন্য এমিলি ও সামাদকে খেলানো সম্ভব হয়নি। আবুলকেও দ্বিতীয়ার্ধে তুলে নিয়েছি দুটো হলুদ কার্ড থাকায়। তাই দ্বিতীয়ার্ধে আমাদের খেলা এলোমেলো হয়েছে।" স্ট্রাইকার এমিলি তিনটি হলুদ কার্ডের জন্য মিস করেছেন এই ম্যাচ । আর ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসিফের দুটো হলুদ কার্ড থাকায় তাকে এই ম্যাচে খেলানোর ঝুঁকি নেয়নি তারা, কারণ সামনে শক্তিশালী ব্রাদার্স ও শেখ রাসেলের সঙ্গে ম্যাচ বাকি আছে।
এই সীমাবদ্ধতার কারণে আবাহনীর মুক্তিযোদ্ধা-মুখো আক্রমণ কমে গেলেও ইব্রাহিম দু-দুবার মুক্তিযোদ্ধার গোলমুখ খুলে দিয়েছিলেন দ্বিতীয়ার্ধে। ৬৭ মিনিটে আবাহনীর ঘানাইয়ান মিডফিল্ডারের এক থ্রু-পাসে হা হয়ে যায় ডিফেন্স। কিন্তু টিপুর শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়েছেন হিমেল। ৭৬ মিনিটেও আরেকটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন জাহিদকে, সেবারও ত্রাতা মুক্তিযোদ্ধার ওই গোলরক্ষক।
আবাহনী গোলের ব্যবধান বাড়াতে না পারলেও সামর্থ্যহীন মুক্তিযোদ্ধার পয়েন্ট ছিনিয়ে নেওয়ার মতো কোনো প্রয়াস দেখা যায়নি। তাই ১৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়েই বসে আছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১০৭ ঘ.
bdnews24