মেলবোর্ন, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুদিন আগে চতুর্থ রাউন্ডের বাধা ডিঙ্গাতে ঘাম ঝরাতে হয়েছিল তাকে। কিন্তু মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে আবার স্বরূপে ফিরলেন রজার ফেদেরার। আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেলপোর্তোকে রীতিমতো উড়িয়ে দিয়েই শেষ চারে উঠেছেন ১৩টি গ্র্যান্ড স্লামের মালিক এই সুইস।
ম্যাচের স্কোরলাইন ৬-৩, ৬-০, ৬-০। মাত্র ৮০ মিনিটে শেষ হওয়া ম্যাচটার আসল চেহারা তবু ঠিক বোঝানো যাচ্ছে না। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম শুরুর আগের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে পরিচিত অকল্যান্ড ওপেনের শিরোপাজয়ী ২০ বছর বয়সী দেলপোর্তো দাঁড়াতেই পারেননি ফেদেরারের সামনে। দ্বিতীয় সেটে মাত্র আটটি আর তৃতীয় সেটে মাত্র ছয়টি পয়েন্ট জিততে পেরেছেন তিনি।
অথচ মাত্র দুুদিন আগে চতুর্থ রাউন্ডে ফেদেরারকে পঞ্চম সেট পর্যন্ত লড়তে হয়েছিল চেক প্রজাতন্ত্রের টমাস বারডিচকে হারাতে। দ্বিতীয় বাছাই ফেদেরার সেমিফাইনালে লড়বেন সপ্তম বাছাই অ্যান্ডি রডিকের সঙ্গে। মঙ্গলবার অন্য কোয়ার্টার ফাইনালে তৃতীয় বাছাই নোভাক দিউকোভিচের অসুস্থতার সুবাদে জয় পেয়েছেন রডিক। প্রচণ্ড গরমের কারণে সরে দাঁড়ানোর আগে ৭-৬ (৭-৩), ৪-৬, ২-৬, ১-২ গেমে পিছিয়ে ছিলেন দিউকোভিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০১০ ঘ.
bdnews24