মেলবোর্ন, ২৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা অক্ষুন্ন রাখার স্বপ্ন পূরণ হলো না নোভাক দিউকোভিচের। মঙ্গলবার অ্যান্ডি রডিকের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে চতুর্থ সেটের সময় অসুস্থতার জন্য সরে দাঁড়াতে বাধ্য হওয়ায় এক রাশ হতাশা নিয়েই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাকে।
মেলবোর্নের প্রচন্ড গরমে (৩৬ ডিগ্রি সেলসিয়াস) প্রথম সেট জিতে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছিলেন তৃতীয় বাছাই দিউকোভিচ। কিন্তু শেষ পর্যন্ত অসুস্থতার সঙ্গে পেরে ওঠেননি। টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন সরে দাঁড়ানোর সময় সপ্তম বাছাই রডিক এগিয়েছিলেন ৬-৭, ৬-৪, ৬-২, ২-১ গেমে। এভাবে বিদায় নেয়ার জন্য হতাশ দিউকোভিচ দায়ী করেছেন অসুস্থতাকে, "আমার সারা শরীরে তীব্র ব্যথা ছিল। ছিল পেশি সংকোচনের সমস্যাও। মনে হয় লোকে বুঝতে পেরেছে নড়াচড়া করতে কতটা কষ্ট হচ্ছিল আমার। ২০০৯এর অস্ট্রেলিয়ান ওপেন এভাবে শেষ হয়ে যাওয়াটা আমার জন্য সত্যিই ভীষণ দুর্ভাগ্যজনক। আমি আসলেই নিজের সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু কখনো কখনো নিজের শরীরের বিরুদ্ধে লড়াই করা যায় না।"
মঙ্গলবার রডিকের পাশাপাশি শেষ চারে জায়গা করে নিয়েছেন মেয়েদের সপ্তম বাছাই ভেরা জভোনারেভাও। কোয়ার্টার ফাইনালে তার সামনে দাঁড়াতেই পারেননি চতুর্থ রাউন্ডে 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে হারিয়ে দেয়া ষোড়শ বাছাই মারিয়ন বার্তোলি। মাত্র ৬৮ মিনিটে শেষ হওয়া ম্যাচটিতে রাশিয়ার জভোনারেভা জিতেছেন ৬-৩, ৬-০ গেমে। সেমিফাইনালে তার প্রতিপক্ষ স্বদেশী দিনারা সাফিনা। মঙ্গলবারের অন্য কোয়ার্টার ফাইনালে তৃতীয় বাছাই সাফিনা বেশ লড়াই করে হারিয়েছেন এক সময়ের 'সেনসেশন' কিন্তু এবার অবাছাই হিসাবে খেলা ইয়েলেনা ডকিচকে। ম্যাচের স্কোরলাইন ৬-৪, ৪-৬, ৬-৪।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৪৪ঘ.
bdnews24