২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলল ব্রাদার্স-শেখ রাসেল, জিতল আবাহনী!

খেলেছে শেখ রাসেল ও ব্রাদার্স, জিতেছে আবাহনী! কারণ ২-২ গোলে ড্র ম্যাচটি বি. লিগ শিরোপার দিকে আরো একধাপ ঠেলে দিয়েছে নীল-আকাশীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- খেলেছে শেখ রাসেল ও ব্রাদার্স, জিতেছে আবাহনী! কারণ ২-২ গোলে ড্র ম্যাচটি বি. লিগ শিরোপার দিকে আরো একধাপ ঠেলে দিয়েছে নীল-আকাশীদের। ব্রাদার্স ইউনিয়ন শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে আগেই। পরিবর্তিত পরিস্থিতিতে তাদের লক্ষ্য এখন দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান। সোমবার ড্র ম্যাচে তাদের (১৬ ম্যাচে ২৮ পয়েন্ট) এই লক্ষ্য কতোটা অর্জিত হয়েছে কে জানে। তবে একটা কাজ করেছে তারা, দ্বিতীয় স্থানে থাকা শেখ রাসেলের শিরোপা-স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে। ১৭ ম্যাচে তাদের সংগ্রহ হয়েছে ৩৫ পয়েন্ট। জিতলে তারা ঢাকা আবাহনীর (১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট) ঘাড়ে নিশ্বাস ফেলতে পারতো, টিকে থাকতে পারত শিরোপার পথে। এখন ওই চ্যালেঞ্জের জায়গাটা আগের মতো দৃঢ় নয়, বরং তাদের এই ড্র আবাহনীর দ্বিতীয় বি. লিগ শিরোপার রাস্তা পরিস্কার করে দিয়েছে। তবে এই ম্যাচ থেকে আবাহনী আরো লাভবান হতে পারতো ! যদি ব্রাদার্স আরেকটু সাবধান হয়ে নিজেদের জয়ের চিন্তা করতো। সেটা করলে কাউন্টার অ্যাটাক থেকে তারা দুটো গোল খায় না এবং ম্যাচ জেতার সম্ভাবনাও থাকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের ১০ মিনিটের মাথায় ব্রাদার্স এগিয়ে যায়। ডান দিক থেকে পাঠানো নিকোডিমাসের মাইনাসে শুধু টোকা দেওয়ার আনুষ্ঠানিকতা সারতে হয়েছে শাকিলকে। কারণ শেখ রাসেলের দুই ডিফেন্ডার হাসান ও জাহিরুলের সামনে দিয়ে ওই মাইনাসটি ফাঁকায় দাঁড়ানো শাকিলের পায়ে গিয়ে পড়ে। এক গোলে এগিয়ে যাওয়ার পরও কিন্তু ব্রাদার্স নিজের ডিফেন্সের দিকে ফিরে তাকায়নি। বার বার আক্রমণে উঠেছে। কিন্তু ২৭ মিনিটে প্রতি আক্রমণটি হয়েছে ভয়ংকর। আক্রমণমুখো ব্রাদার্সের খেলোয়াড়রা নীচে নামার আগেই সামির ওমারি বল নিয়ে ঢুকে পড়েন ডি-বক্সে। বডি-ডজ খেয়ে চোখে সর্ষেফুল দেখা ব্রাদার্স ডিফেন্ডার আরিফুল শেষপর্যন্ত টেনে ফেলে দেন শেখ রাসেলের এই স্ট্রাইকারকে। পেনাল্টি অবধারিত। সেটা গোলরক্ষক জিয়াউর রহমান ঠেকিয়ে দিলেও দ্বিতীয় প্রচেষ্ঠায় ওমারি গোল করে ম্যাচে ফেরান রাসেলকে। তারা এগিয়ে যায় ৩৯ মিনিটে আরেকটি কাউন্টার অ্যাটাকে। বাঁদিক থেকে বল পেয়ে আলফাজ বক্সে ঢুকে প্লেসিং করে লিগে নিজের চতুর্দশ গোলটি করে শীর্ষস্থান ধরে রেখেছেন। কাউন্টার অ্যাটাক থেকে দু-দুটো গোল খেয়েও ব্রাদার্সের শিক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধেও তাদের আক্রমণমুখীতায় ডিফেন্স উপেক্ষিত। তাতে ৪৭ মিনিটে সামির ওমারি দারুন একটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন, যার সদ্ব্যবহার করতে পারেননি আলফাজ। মিনিট চারেক পরে ওমারি নিজেও মিস করেছেন। ডিফেন্স ভেঙ্গে খান খান হয়ে গেলেও ব্রাদার্স তখনো আক্রমণ থামায়নি। সুফল পেয়েছে ৬৬ মিনিটে, লিটনের কর্ণার কিকে জাহিদের হেডে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয় শেখ রাসেল। স্বাভাবিকভাবে অসন্তুষ্ট শেখ রাসেলের সহকারী কোচ শেখ জাহিদুর রহমান মিলন। শিরোপার প্রশ্নে তিনি স্বীকার করেই নিয়েছেন, "এই ড্রয়ের ফলে আমাদের জন্য শিরোপা লাড়াইটা কঠিন হয়ে গেল। আবাহনী - ব্রাদার্স ম্যাচটার ওপর আমাদের সম্ভাবনা অনেকখানি নির্ভর করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩৫ঘ.