ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- চেহারায় খানিকটা এমারসনের ছাপ থাকলেও তার ফুটবল-দর্শন সম্পূর্ণ ভিন্ন। আক্রমণাত্মক ফুটবলের পূজারী ডিডো বাংলাদেশকে একটা লড়াকু দলে পরিণত করতে চান।
পুরো নাম এডসন সিলভা ডিডো। ৪৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান কোচকে দেখে মনে পড়তে পারে এমারসনের কথা। যাকে ২০০২ বিশ্বকাপে রাফ ট্যাকলের জন্য বিশেষভাবে তৈরি করেছিলেন ফিলিপ স্কলারি। যদিও ইনজুরি শেষ করে দিয়েছিল এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের বিশ্বকাপ। ডিডোও খেলতেন মাঝমাঠে, তবে 'ক্রিয়েটিভ মিডফিল্ডার'। তাই হয়তো এমারসন বিষয়ে তিনি কোনো আগ্রহ দেখাননি। নতুন কোচ খুব স্পষ্ট করে জানিয়েছেন নিজের পছন্দের কথা, "ব্যক্তিগতভাবে আমি আক্রমণাত্মক ফুটবল পছন্দ করি। আর ফর্মেশনের ব্যাপারে বহুল প্রচলিত ৪-৪-২, যে পদ্ধতিতে খেললে আক্রমণ এবং রক্ষণের মধ্যে দারুন ভারসাম্য বজায় রাখা যায়।" তবে বাংলাদেশ দল নিয়ে তার ভাবনাটা এখনো চূড়ান্ত কোনো রূপ পায়নি। শনিবার ঢাকায় পা রাখা নতুন কোচ বলেছেন, "একটি মাত্র মাত্র ম্যাচ দেখে তো আর সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার হাতে কী রসদ আছে, তার ওপরই আমার ফরমেশন নির্ভর করবে। আবার অনেকে দেখবেন ক্লাবে ভাল খেলে কিন্তু জাতীয় দলে ঠিক নিজেকে মেলে ধরতে পারে না। তাই দল এবং ফরমেশনের ব্যাপারগুলো অনেক পরের।"
শনিবার সকালে ঢাকায় এসে নতুন কোচ বিকেলে দেখছেন আবাহনী-মোহামেডান ম্যাচ। যে ম্যাচে তার প্রথম দর্শন হয়েছে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়দের। ম্যাচটাকে 'মোটামুটি ভাল' আখ্যা দিলেও কিছু কিছু জায়গায় তার খটকা লেগেছে। সেগুলি হচ্ছে, নাসির ডান প্রান্ত দিয়ে কয়েকবার বল নিয়ে ওপরে উঠলেও মোহামেডানের গোলের পর তিনি আর উঠেননি। বিস্ময়কর ঠেকেছে মোহামেডানের কোরিয়ান ওদোগির চমৎকার দুটো সুযোগ নষ্ট করাও। সার্বিক বিচার-বিশ্লেষণে ডিডোর রায় হচ্ছে, "মোহামেডান সুযোগ নষ্ট করেছে বেশি, তবে আবাহনী সুযোগগুলো ভাল কাজে লাগিয়েছে। এক ম্যাচ দেখে কোনো খেলোয়াড় সম্পর্কে মন্তব্য করা ঠিক হবে না।"
এর আগে ভিয়েতনামের কোচ হয়ে তিনি বাংলাদেশকে দেখেছেন ২০০১ সালে। সেবার বিশ্বকাপ বাছাইপর্বে ভিয়েতনামের সঙ্গে একটি ম্যাচে গোলশূন্য ড্র করে অন্যটিতে বাংলাদেশ হেরেছিল ৪-০ গোলে। তারপর আট বছর কেটে গেলেও ডিডো বলছেন, "ভিয়েতনামের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের খেলোয়াড়দের মানের খুব বেশি পার্থক্য নেই। তবে শুনেছি ভিয়েতনাম এখন অনেক উন্নতি করেছে।"
বাংলাদেশকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্যই আনা হয়েছে এই ব্রাজিলিয়ান কোচকে। আনুষ্ঠানিক চুক্তির পর আগামী ১ ফেব্র"য়ারি থেকে কাজ শুরু করবেন চার হাজার ডলার বেতনের কোচ ডিডো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪৫ঘ.
bdnews24