মেলবোর্ন, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এর আগে সাতবারের চেষ্টায় দ্বিতীয় রাউন্ডের বাধা ডিঙ্গাতে পারেননি কখনো। রবার্ট ব্রুসের গল্পের মতোই সপ্তমবারের চেষ্টায় সেটা পেরেছেন, আর শুধু তা-ই নয়, চতুর্থ রাউন্ডে এসে মারিয়ন বার্তোলি ঘটিয়ে ফেলেছেন এবারের অস্ট্রেলিয়ান ওপেনের সবচেয়ে বড় অঘটনটি। মেয়েদের বিভাগের শীর্ষ বাছাই সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে হারিয়ে দিয়ে শেষ আটে উঠেছেন এই ফরাসি তরুণী।
রোববার মেলবোর্নের সেন্টার কোর্টে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ইয়াঙ্কোভিচ পাত্তাই পাননি বার্তোলির কাছে। ৬-১, ৬-৪ গেমে সরাসরি জয় পাওয়ার পথে গেম জয়ের প্রত্যেকটি সুযোগই কাজে লাগিয়েছেন বার্তোলি।
কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হবেন দুই রাশিয়ান নাদিয়া পেত্রোভা আর ভেরা জভেরানোভার মধ্যকার ম্যাচের বিজয়ীর সঙ্গে।
শীর্ষ বাছাই ইয়াঙ্কোভিচ হেরে গেলেও দ্বিতীয় বাছাই সেরেনা উইলিয়ামস আর তৃতীয় বাছাই দিনারা সাফিনা অবশ্য তেমন কোনো ভুল করেননি। চীনের সুয়াই পেঙকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন সেরেনা, আর নিজের চতুর্থ রাউন্ড ম্যাচে অ্যালিজে করনেটকে ৬-২, ২-৬, ৭-৫ গেমে হারিয়ে সাফিনা পৌঁছে গেছেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১১০৩ ঘ.
bdnews24