২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ হারার বেদনা নিয়েই জুয়েলের বিদায়

অধিনায়কের আর্মব্যান্ড হাতে পড়েই শেষবারের মতো সাদাকালো জার্সি পড়ে ফুটবলকে চূড়ান্তভাবে গুডবাই জানিয়েছেন জুয়েল রানা। এবং অবশ্যই সঙ্গে করে নিয়ে গেছেন বিদায়ী ম্যাচের বেদনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 04:49 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- অধিনায়কের আর্মব্যান্ড হাতে পড়েই শেষবারের মতো সাদাকালো জার্সি পড়ে ফুটবলকে চূড়ান্তভাবে গুডবাই জানিয়েছেন জুয়েল রানা। এবং অবশ্যই সঙ্গে করে নিয়ে গেছেন বিদায়ী ম্যাচের বেদনা। এই বেদনা ম্যাচ হারার। তাই শনিবার ম্যাচশেষে জুয়েলের কথা ভুলে গিয়ে মোহামেডান শংকিত হয়ে পড়েছে নিজেদের আগামী নিয়ে। সেই ভেবে বোধহয় ২৫ মিনিটের মাথায় সামান্য আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বিদায় জানানো হয়েছিল এই ডিফেন্ডারকে। প্রথম ফুলের মালাটি তার গলায় পড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষ আবাহনীর অধিনায়ক নজরুল ইসলাম। তার পর ফুলে ফুলে ছেঁয়ে গেছে তার গলা। হয়তো চোখ একটু ঝাপসা হয়েও গিয়েছিল চিরচেনা মাঠকে পাকপাকিভাবে বিদায় জানাতে গিয়ে। দীর্ঘ ২০ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানার জন্য অবশ্য নিজেকে তিনি তৈরি করছিলেন কয়েকবছর ধরে। এবার পাকাপাকিভাবে অবসরে যাওয়ার জন্যই তিনি ব্রাদার্স ছেড়ে যোগ দিয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১০ বছর আগেই অবসর নিয়েছিলেন জাতীয় দল থেকে। এবং অবশ্যই জাতীয় দলের অধিনায়ক হিসেবে অসাধারণ এক সুখস্মৃতি সঙ্গে নিয়ে, "এরকম সৌভাগ্য খুব কম ফুটবলারেরই হয়েছে। '৯৯ সালে কাঠমান্ডুতে সাফ গেমস জেতার পর পরই আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিই। ওটা দারুন এক স্মৃতি আমার জন্য। বিশেষ করে ফাইনাল জেতার পরের মুহুর্তটি আমি বিশ্বাস করতে পারছিলাম না।" বার বার ফসকে যাওয়া সাফ গেমস ফুটবলের সোনা জেতে বাংলাদেশ তার নেতৃত্বে। '৮৯ সালে চতুর্থ সাফ গেমস দিয়েই এই ডিফেন্ডারেরর অভিষেক হয়েছিল জাতীয় দলে। এবং একই বছরে তার অভিষেক হয় ঢাকা লিগেও। সেখান থেকে তার ঘটনাবহুল ক্যারিয়ারের শুরু। তাতে লুকিয়ে আছে নানা বেদনা, অতৃপ্তি যা বিদায় বেলায়ও জুয়েলের মনে খোঁচা দেয়, "পুল-প্রথা ও জেন্টলম্যান অ্যগ্রিমেন্ট এই খেলাটাকে নষ্ট করে দিয়েছে, ফুটবলারদের অধিকার বঞ্চিত করেছে। যেমন পুলের জন্য মিন্টুর মতো ফুটবলার হারিয়ে গেছে। এ কারণে হয়তো আমার আবাহনীর মতো বড় দলে খেলা হয়নি, তাদের ইচ্ছা থাকলেও নানা বাধ্য-বাধকতার কারণে আমাকে নিতে পারেনি, আমি যেতে পারিনি। এসব এখনো কষ্ট দেয়।" মোহামেডান, ব্রাদার্স, মুক্তিযোদ্ধাসহ অন্যান্য দলে খেললেও এই তারকা কখনো আবাহনীর জার্সি গায়ে চাপাননি। তবে যখন বিদায় নিচ্ছেন তখন ফুটবলের সংস্কার শুরু হলেও তিনি খুব আশাবাদী নন। জুয়েল রানার ভয়, "সালাউদ্দিন ভাই আন্তরিক হয়ে চেষ্টা করছেন ঠিক আছে। তিনি একা তো পারবেন না, তার সহযোগীরা কীভাবে চাইছেন সেটার ওপরও নির্ভর করছে ফুটবলের উন্নয়ন। তাছাড়া দু-তিন বছরে হবে না, এজন্য অনেক সময়ের প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১০৪৫ঘ.