২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ফুটবলকে বিদায় বলছেন জুয়েল রানা

দীর্ঘ ২০ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন জুয়েল রানা। শনিবার আবাহনী-মোহামেডান ম্যাচই হবে এই ডিফেন্ডারের আনুষ্ঠানিক অবসরের ম্যাচ। কিন্তু বিদায় থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে দাঁড়িয়েও তার মন খারাপ নয়। ফুটবলের প্রতি এতদিনের ভাব-ভালবাসার পরও জুয়েল শক্ত চোয়ালে বললেন, "কয়েক বছর ধরে অবসরে যাওয়ার জন্য নিজেকে তৈরি করছিলাম। তাই এখন সেরকম খারাপ লাগছে না। দর্শক হিসেবে যখন আসবো তখন হয়তো খারাপ লাগবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- দীর্ঘ ২০ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন জুয়েল রানা। শনিবার আবাহনী-মোহামেডান ম্যাচই হবে এই ডিফেন্ডারের আনুষ্ঠানিক অবসরের ম্যাচ। কিন্তু বিদায় থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে দাঁড়িয়েও তার মন খারাপ নয়। ফুটবলের প্রতি এতদিনের ভাব-ভালবাসার পরও জুয়েল শক্ত চোয়ালে বললেন, "কয়েক বছর ধরে অবসরে যাওয়ার জন্য নিজেকে তৈরি করছিলাম। তাই এখন সেরকম খারাপ লাগছে না। দর্শক হিসেবে যখন আসবো তখন হয়তো খারাপ লাগবে।" আসলে এবার পাকাপাকিভাবে অবসরে যাওয়ার জন্যই তিনি ব্রাদার্স ছেড়ে যোগ দিয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১০ বছর আগেই অবসর নিয়েছিলেন জাতীয় দল থেকে। এবং অবশ্যই জাতীয় দলের অধিনায়ক হিসেবে অসাধারণ এক সুখস্মৃতি সঙ্গে নিয়ে, "এরকম সৌভাগ্য খুব কম ফুটবলারেরই হয়েছে। '৯৯ সালে কাঠমান্ডুতে সাফ গেমস জেতার পর পরই আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিই। ওটা দারুণ এক স্মৃতি আমার জন্য। বিশেষ করে ফাইনাল জেতার পরের মুহুর্তটি আমি বিশ্বাস করতে পারছিলাম না।" বারবার ফসকে যাওয়া সাফ গেমস ফুটবলের সোনা জেতে বাংলাদেশ তার নেতৃত্বে। '৮৯ সালে চতুর্থ সাফ গেমস দিয়েই এই ডিফেন্ডারেরর অভিষেক হয়েছিল জাতীয় দলে। এবং একই বছরে তার অভিষেক হয়েছিল ঢাকা লিগেও। সেখান থেকে তার ঘটনাবহুল ক্যারিয়ার শুরু। তাতে লুকিয়ে আছে নানা বেদনা, অতৃপ্তি যা বিদায় বেলায়ও জুয়েলের মনে খোঁচা দেয়, "পুল-প্রথা ও জেন্টলম্যান অ্যগ্রিমেন্ট এই খেলাটাকে নষ্ট করে দিয়েছে, ফুটবলারদের অধিকার বঞ্চিত করেছে। যেমন পুলের জন্য মিন্টুর মতো ফুটবলার হারিয়ে গেছে। এ কারণে হয়তো আমার আবাহনীর মতো বড় দলে খেলা হয়নি, তাদের ইচ্ছা থাকলেও নানা বাধ্যবাধকতার কারণে আমাকে নিতে পারেনি, আমি যেতে পারিনি। এসব এখনো কষ্ট দেয়।" মোহামেডান, ব্রাদার্স, মুক্তিযোদ্ধাসহ অন্যান্য দলে খেললেও এই তারকা কখনো আবাহনীর জার্সি গায়ে চাপাননি। তবে যখন বিদায় নিচ্ছেন তখন ফুটবলের সংস্কার শুরু হলেও তিনি খুব আশাবাদী নন। জুয়েল রানার ভয়, "সালাউদ্দিন ভাই আন্তরিক হয়ে চেষ্টা করছেন ঠিক আছে। তিনি একা তো পারবেন না, তার সহযোগীরা কীভাবে চাইছেন সেটার ওপরও নির্ভর করছে ফুটবলের উন্নয়ন। তাছাড়া দু-তিন বছরে হবে না, এজন্য অনেক সময়ের প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১০ঘ.