ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- আলাদা করে কোনোটির কথা বলা যাচ্ছে না। উত্তেজনা, ভয় এবং উৎকন্ঠা যেন চারদিক থেকে চেপে ধরেছে ঢাকা মোহামেডানকে। গত কয়েকদিনের ঘটনা প্রবাহে তাদের পক্ষে কিছুই যায়নি। বাফুফের দরবারে তাদের সব দাবি-দাওয়া খারিজ হয়ে যাওয়ার পর মোহামেডান এখন শেষ লাইফ লাইনে এসে দাঁড়িয়ে। শনিবার ঢাকা আবাহনীকে হারাতে পারলে সাদাকালোর শিরোপা-স্বপ্নটা রঙিন হবে, নইলে একেবারে ধূসর।
ম্যাচটা আবাহনী-মোহামেডানের দ্বৈরথ হলেও স্পটলাইট এখন মোহামেডানের ওপর। কারণ ১৫ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ঢাকা আবাহনীর চেয়ে ৬ পয়েন্ট পেছনে তাদের অবস্থান, যদিও এক ম্যাচ কম। ব্যবধান কমানোর একমাত্র উপায় আবাহনীর বিপক্ষে জয়। সেটা করতে পারলে শুধু মোহামেডানেরই লাভ নয়, বি. লিগ শিরোপার আবেগ-আগ্রহ অটুট থাকবে একেবারে শেষপর্যন্ত। করতে না পারলে ? যদি মোহামেডানের শনির দশা অব্যাহত থাকে তখন শনিবারেই আবাহনী করে নিতে পারে শিরোপা-উৎসবের রিহার্সেল।
শিরোপা থেকে ঢিল ছোঁড়া দূরত্বের অবস্থানটা আবাহনীও জানে। জানে সুযোগ নষ্ট করলে ভবিষ্যতের অনিশ্চয়তার কথা। তাই নীল-আকাশী কোচ আমলেশ সেন এই ম্যাচকে নিয়েছেন 'ফাইনাল' ম্যাচ হিসেবে, "এটা আমাদের জন্য ফাইনাল ম্যাচের মতোই। জিতলে আমাদের শিরোপা প্রায় নব্বই শতাংশ নিশ্চিত হয়ে যাবে। এরকম সুযোগ কেউ হারাতে চায় না, তাই খেলোয়াড়রাও নিজেদের সেরাটা উপহার দেওয়ার জন্য তৈরি।" জিতলে ১৬ ম্যাচে আবাহনীর হবে ৩৮ পয়েন্ট। মানে মোহামেডানের সঙ্গে দূরত্ব বেড়ে হবে ৯ পয়েন্টের। আর ৪ পয়েন্ট পেছনে থাকবে দ্বিতীয় শীর্ষ দল শেখ রাসেল (১৬ খেলায় ৩৪)। সুযোগটা কাজে লাগানোর জন্য আবাহনী তার সব সৈন্যকে প্রস্তুত করে রেখেছে। হলুদ-কার্ডজনিত কোনো ঝামেলা নেই। শুধু উৎকন্ঠা আওদু ইব্রাহিমের ফিরে আসা নিয়ে। দিন পাঁচেক আগে তিনি নেদারল্যান্ডে গেছেন নাগরিকত্বের পরীক্ষা দিতে। তা সেরে শুক্রবার রাতেই আবার ঢাকায় ফেরার কথা এই ঘানাইয়ান মিডফিল্ডারের।
আবাহনীর কর্মকর্তারা জানেন, চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য মাঠে তার উপস্থিতি বেশ জরুরি। কারণ তাদের যা কিছু গলদ মাঝমাঠেই। সেখানে জয়, আবুল, মামুনের সঙ্গে তিনি থাকলে একটু নির্ভার থাকতে পারেন তারা। ইব্রাহিম না ফিরলে তার জায়গায় খেলবেন জাহিদ পারভেজ এবং তাতে অ্যটাকিং ফুটবলের কৌশলে কোনো পরিবর্তন ঘটবে না। কোচ অমলেশ সেন সাফ জানিয়ে দিয়েছেন, "আমরা জয় চাই এবং সেজন্য অ্যাটাকিং ফুটবলই খেলবে আবাহনী।" তিনি নিজের মতো দূর্বলতাও খুঁজে বের করেছেন মোহামেডানের ডিফেন্সে, "তুলনামূলকভাবে ওদের ডিফেন্সটা একটু নড়বড়ে, সেটাই আমাদের টার্গেট।"
যতই দূবর্লতা আবিস্কৃত হোক, সব খুঁত ঢেকে ম্যাচ বের করে আনার জন্য তৈরি হতেই হবে মোহামেডানের খেলোয়াড়দের। মোহামেডানের কোচ মারুফুল হক আগেই বুঝিয়ে দিয়েছেন এই ম্যাচের গুরুত্বের কথা, "আমাদের খেলোয়াড়রাও জানে এটাই আমাদের শেষ সুযোগ। না জিতলে আমাদের পক্ষে শিরোপার দৌড়ে থাকাটা কঠিন হয়ে যাবে।" কিন্তু এই কঠিন চ্যালেঞ্জ জেতার মতো বাস্তব অবস্থা কী আছে মোহামেডানের? শেখ রাসেলের সঙ্গে ম্যাচে ডান পায়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়া রবিনের এই ম্যাচে খেলার সম্ভাবনা প্রায় নেই। এই তরুণ স্ট্রাইকারই প্রথম লেগে আবাহনীর বিপক্ষে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছিল মোহামেডানকে ইনজুরি টাইমে সমতাসূচক গোল করে। ১৩ ম্যাচে ১০ গোল করা বুকোলা থাকলেও রবিনের অভাবটা অপূরণীয় ক্ষতির মতো মোহামেডান সমর্থকদের কাছে। চোট আছে হাসান আল মামুন ও আরমান আজিজের। মাথাটাকে সমস্যা-বোঝাই না করে কোচ মারুফুল হক ইতিবাচক হয়েছেন এভাবে, "টানা ম্যাচ খেললে এরকম ইনজুরি সমস্যা থাকবেই। তাই এসব বড় করে না দেখে আমি দলের গতি নিয়ে আশাবাদী। গত ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে যে গতিতে খেলেছি সেটা ধরে রাখতে পারলে আমরা ভাল করবো।"
সুবিধার দিক হচ্ছে, গত ম্যাচ মিস করা মিডফিল্ডার নাসির ফিরছেন এই ম্যাচে। এবং তাদের মাঝমাঠের ধারাবাহিকতা মোটামুটি ভাল। সেটা অব্যাহত রাখতে পারলে নাইজেরিয়ান বুকোলা ও তরুণ স্ট্রাইকার আব্দুল বাতেন কমলের নতুন স্ট্রাইকিং জুটি খারাপ করবে না বলে কোচের বিশ্বাস। কিন্তু বুকোলাকে আটাকানোর জন্য আবাহনীরও যে আলাদা কৌশল থাকবে না বলি কি করে ? মোহামেডানের আরেকটা শংকা হচ্ছে, গোলের জন্য ঝাঁপাতে গিয়ে না আবার নিজেদের গোলমুখ খুলে যায়! সেরকম ভুল করলে ভয়ংকর হয়ে উঠতে পারে আবাহনীর এমেকা (১৫ ম্যাচে ১১ গোল)-এমিলি (১৪ খেলায় ১০ গোল) জুটি। ম্যাচে খুব একটা চোখে না পড়লেও নাইজেরিয়ান এমেকা ডি-বক্সে কতোটা বিপজ্জনক তা মোহামেডান ভালই জানে। তার দুই গোলে প্রথম লেগে আবাহনীর কাছে প্রায় হারার উপক্রম হয়েছিল সাদাকালোদের।
সেবার রবিন বাঁচিয়েছেন, ম্যাচ ড্র হয়েছে। এবার আর ড্রয়ে মোহামেডানের কোনো লাভ নেই। শেষপর্যন্ত সেটা হয়ে গেলে মোহামেডানের তরফে কিছু থাকবে না। অবশিষ্ট থাকবে শুধু কিছু প্রত্যাশা, আবাহনী যেন বাকি ম্যাচগুলোয় পয়েন্ট হারায়। এই ম্যাচ ছাড়া আরো দুটো বিগ ম্যাচ বাকি গতবারের চ্যাম্পিয়নদের। তাতে পয়েন্ট হারালেই কেবল শিরোপা-স্বপ্ন রঙিন হতে পারে মোহামেডানের।
ওসব বিকল্প ভাবনা। এখনো তো একটি লাইফ লাইন বেঁচে আছে, যেখানে দাঁড়িয়ে আবাহনীর 'ফাইনাল ম্যাচ' জেতার জন্য প্রতিজ্ঞাবদ্ধ মোহামেডান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.
bdnews24