মেলবোর্ন, ২২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম তিন দিনে তেমন কোনো অঘটনের জন্ম হয়নি। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ দিনে বিরাট অঘটনের জন্ম দিয়েছেন স্পেনের অবাছাই কার্লা সুয়ারেজ নাভারো। দ্বিতীয় রাউন্ডে ৭টি গ্র্যান্ড স্লাম বিজয়ী ষষ্ঠ বাছাই ভেনাস উইলিয়ামসকে হারিয়ে দিয়েছেন তিনি। ম্যাচের স্কোরলাইন ২-৬, ৬-৩, ৭-৬।
বড় বোন হেরে গেলেও সেরেনা উইলিয়ামস অঘটনের শিকার হননি। দ্বিতীয় বাছাই সেরেনা সরাসরি ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন অবাছাই জিসেলা ডুলকোকে। দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটে জিতেছেন 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' রাফায়েল নাদালও। অবাছাই রোকো কারানুসিচের বিপক্ষে শীর্ষ বাছাই নাদাল জিতেছেন ৬-২, ৬-৩, ৬-২ গেমে।
এছাড়া পুরুষ বিভাগে চতুর্থ অ্যান্ডি মারে, পঞ্চম জো উইলফ্রিড সঙ্গা, ষষ্ঠ জাইলস সিমন ও নবম বাছাই জেমস ব্লেক এবং মহিলা বিভাগে যথাক্রমে চতুর্থ ও অষ্টম বাছাই এলেনা দেমেন্তিয়েভা ও স্ভেৎলানা কুজনেৎসোভা জয় পেয়ে পা রেখেছেন তৃতীয় রাউন্ডে। জিতেছেন একসময় মেয়েদের র্যাংকিংয়ের শীর্ষে থাকা ও টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন অ্যামেলি মরেসমোও। তবে হেরে গেছেন চতুর্দশ বাছাই প্যাটি স্নাইডার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২৫ঘ.
bdnews24