২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচের পর রেফারির পেনাল্টি বাতিলের দাবী মোহামেডানের

মোহামেডান-শেখ রাসেল ম্যাচ পরবর্তী উত্তেজনা এখনো অটুট। মোহামেডান বুধবার রাতেই ম্যাচের রেফারি আজাদ রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, ম্যাচের ফল বাতিলসহ পূর্ণ তিন পয়েন্টের দাবি জানিয়ে চিঠি দিয়েছে বি. লিগ কমিটির কাছে। ওই ম্যাচের বাইরে তাদের আরেকটি দাবি, আগামী ২৪ তারিখের মোহামেডান-আবাহনীর ম্যাচটি পিছিয়ে সবার শেষে নিয়ে যাওয়া হোক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 02:43 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- মোহামেডান-শেখ রাসেল ম্যাচ পরবর্তী উত্তেজনা এখনো অটুট। মোহামেডান বুধবার রাতেই ম্যাচের রেফারি আজাদ রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, ম্যাচের ফল বাতিলসহ পূর্ণ তিন পয়েন্টের দাবি জানিয়ে চিঠি দিয়েছে বি. লিগ কমিটির কাছে। ওই ম্যাচের বাইরে তাদের আরেকটি দাবি, আগামী ২৪ তারিখের মোহামেডান-আবাহনীর ম্যাচটি পিছিয়ে সবার শেষে নিয়ে যাওয়া হোক। মোহামেডান স্পোর্টিং ক্লাবের মূল আপত্তি ২০ মিনিটের ওই বিতর্কিত পেনাল্টি নিয়ে। এ প্রসঙ্গে চিঠির প্রথম প্যারাতে তারা উল্লেখ করেছে "শেখ রাসেলের একজন খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়ে পেনাল্টি আদায় করেছেন।'' ঠিক পরের লাইনে লিখেছে, "একটি বিশেষ মহলের ইঙ্গিতে রেফারি একটি সাধারণ ট্যাকলকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে শেখ রাসেলের পক্ষে পেনাল্টির নির্দেশ দিয়েছেন।" ফিফার নিয়ম বলে, ডি বক্সে সাধারণ ট্যাকল হলেও রেফারি সেটাকে অপরাধযোগ্য মনে করলে পেনাল্টির বাঁশি বাজাতেই পারেন, যদিও রেফারি আজাদ রহমানের শাস্তি দাবি করেছে মোহামেডান। তাদের চোখে পেনাল্টি "অবৈধ", তাই দাবি, "খেলার ফলাফল বাতিল করে মোহামেডানকে পূর্ণ পয়েন্ট প্রদান করা।" এছাড়া শেখ রাসেলের কোচ, সহকারী কোচ, ম্যানেজার ও কর্মকর্তা সালেহ জামান সেলিমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়েছে। মোহামেডানের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমানের অভিযোগ, "তার বার বার মাঠে ঢুকেছে এবং রেফারিকে প্রভাবিত করেছে।" এছাড়া আগামী ২৪ তারিখে নির্ধারিত আবাহনী-মোহামেডান পিছিয়ে দেওয়ার পক্ষে মোস্তাকুর রহমানের যুক্তি, "২৪ তারিখে এই ম্যাচ হলে লিগের উত্তেজনা শেষ হয়ে যাবে। তাছাড়া এই ম্যাচের পর পাতানো খেলার সমূহ সম্ভাবনা আছে।" ফিকশ্চার নিয়ে তাদের আপত্তি পুরনো। এর আগেও মোহামেডান ফিকশ্চার পুনঃনির্ধারণ করার দাবি জানিয়েছিল। এসব দাবি জানিয়ে মোহামেডান চিঠি দিলেও তার আগে তাদের সমর্থকরা লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিয়েছিল বাফুফে ভবনের নীচে। মঙ্গলবার ম্যাচ শেষ হওয়ার পর প্রায় শ'দুয়েক মোহামেডান সমর্থক বাফুফে ভবনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। ভবনের নীচে দাঁড়িয়ে তারা বাফুফে সভাপতিকে উদ্দেশ্য করে গালাগালি করেছে। তাদের বাড়-বাড়ন্ত ক্ষোভ প্রশমন করতে এক পর্যায়ে বাফুফে পুলিশ ডাকতে বাধ্য হয়। যদিও এই ঘটনাকে তেমন কিছু মনে করছেন না মোহামেডানের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান, "এরকম হবেই। দল হারলে সমর্থকরা আমার চৌদ্দগোষ্ঠি তুলে গালাগালি করে।" মোহামেডানের চিঠি পাওয়ার কথা স্বীকার করে বাফুফে জানিয়ে দিয়েছে, আগামী বৃহস্পতিবার বিকেলে তারা এ নিয়ে সভায় বসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/ ২০৪৫ঘ.