২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণবন্ত ম্যাচ খেলেও অখুশি দুই দলই

তাপ-উত্তাপহীন বি. লিগে হঠাৎ লেগেছে প্রাণের ছোঁয়া। জেগেছে গ্যালারিও; উপস্থিত হাজার দেড়েক দর্শকের প্রাণবন্ত কোলাহল প্রাপ্য মর্যাদা দিয়েছে মোহামেডান-শেখ রাসেল ক্রীড়াচক্রের ম্যাচকে। কারণ মাঠেই ছিল তার রসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 04:49 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- তাপ-উত্তাপহীন বি. লিগে হঠাৎ লেগেছে প্রাণের ছোঁয়া। জেগেছে গ্যালারিও; উপস্থিত হাজার দেড়েক দর্শকের প্রাণবন্ত কোলাহল প্রাপ্য মর্যাদা দিয়েছে মোহামেডান-শেখ রাসেল ক্রীড়াচক্রের ম্যাচকে। কারণ মাঠেই ছিল তার রসদ। গোল, হলুদ কার্ড, ভাল পারফরম্যান্স এবং গণ্ডগোল---- এসব উপাদানে মোড়ানো ৯০ মিনিটের ফুটবল প্রদর্শনীই সবাইকে আন্দোলিত করেছে, শিহরিত করেছে। কিন্তু যারা এর কারিগর সেই দু'পক্ষই মনমরা ম্যাচ শেষে ! ১-১ গোলে ড্রয়ের ফল নিয়ে তারা সন্তুষ্ট নয়। সন্তুষ্ট তৃতীয় পক্ষ, খেলা দেখে ফিরতি পথে আবাহনীর খেলোয়াড়দের মুখের হাসিই বলে দিচ্ছিল এই ম্যাচ থেকে নিজেদের প্রাপ্তির কথা। প্রাপ্তিটা হলো ঢাকা আবাহনীর নিরাপদ দূরত্বে অবস্থান নিশ্চিত হওয়া। ১৫ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষ থাকা ধানমন্ডির এই পরাশক্তির সঙ্গে দ্বিতীয় দল শেখ রাসেলের (১৫ খেলায় ৩১) দূরত্ব ৪ পয়েন্টের। তৃতীয় স্থানে থাকা মোহামেডানের সংগ্রহ ২৯, তবে এক ম্যাচ কম খেলে। অথচ মঙ্গলবার যারা জিততো তারাই হতো শিরোপার দিকে আবাহনীর বড় প্রতিদ্বন্ধী। এবং সম্ভাবনার বিচারে অনেকখানি এগিয়েও থাকতো। কারণ আবাহনীর বাকি পাঁচ ম্যাচের মধ্যে তিনটিই বিগ ম্যাচ। সেজন্য ম্যাচ শেষে অসন্তোষ প্রকাশ করেছেন মোহামেডানের কোচ মারুফুল হক। "অসংখ্য সুযোগ মিস করেছি আমরা, এখন তার মাশুল দিতে হবে। আজ জিতলে হিসাবটা অনেক সহজ হয়ে যেতো"---- আক্ষেপ করেছেন মোহামেডানের কোচ। তার আফসোস ম্যাচের শুরুতেই রবিনকে হারানোর জন্য, "রবিন না থাকায় আমাদের আমাদের সমস্যা হয়েছে। তাকে দিয়েই প্রতিপক্ষের ডিফেন্সে প্রথমে চাপটা দিই।" ম্যাচ শেষ বলেই হয়তো তখন তার এই উপলব্ধি কিন্তু চার মিনিটের মাথায় নিশ্চয়ই ব্যাপারটা এমন ছিল না। কারণ তখন রবিনকে ফাউলের বিনিময়েই মোহামেডান পেয়েছিল পেনাল্টি। তা থেকে গোল করে শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন আব্দুল বাতেন কমল। জহিরুলের ওই ফাউলে রবিন ডান পায়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেও মোহামেডানকে দুর্দান্ত সূচনা দিয়ে গেছেন। দুর্ভাগ্য হচ্ছে সেই সূচনা তারা ধরে রাখতে পারেনি। ২০ মিনিটেই খেয়ে বসে উল্টো এক পেনাল্টি গোল। অপরাধ শেখ রাসেলের সামির ওমারিকে ফাউল করেছিলেন মোহামেডানের রজনী। যদিও রজনী ফুটবলে মেরেছেন বলেই দেখা গেছে। রেফারি আজাদ রহমানের বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তে মরক্কোর ওমারি গোল করে শেখ রাসেলকে ম্যাচে ফেরালেও এরপর দু'পক্ষের উত্তেজনা তখন চরমে ওঠে। কারো গায়ের বাতাস কেউ সহ্য করতে পারছেন না। একজন ফাউল করলে পরক্ষণেই অন্যজন বদলা নিয়ে নিচ্ছেন। শুধু বলের দখল নিয়ে নয়, 'অফ দ্য বল' পজিশনেও মারামারি বেঁধে যায়। ৩৭ মনিটে বল একদিকে, অন্যদিকে বুকোলা মরক্কোর হারফি মোহাম্মদকে মেরে ভূপাতিত করে দিয়েছেন। এ উপলক্ষে খেলা এক দফা বন্ধ হয় এবং বুকোলাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্কীকরণের মাধ্যমে পরিস্থিতি সামাল দেন রেফারি। প্রথমার্ধে দু'পক্ষের উত্তেজনা এতটাই চরেমে উঠেছিল যে রেফারিকে হলুদ কার্ড বের করতে হয়েছে ছয়বার। এজন্য মোহামেডান কোচ অবশ্য দুষছেন শেখ রাসেলকে, "তারা শুরু থেকে নেগেটিভ খেলা শুরু করেছিল।" শেখ রাসেলের কোচ ওয়াজেদ গাজীর পাল্টা জবাব, "তারা শুরু করেছে, আমরা শেষ করেছি।" তুলনায় দ্বিতীয়ার্ধ ছিল অনেক শান্ত, তার প্রমাণ একটি মাত্র হলুদ কার্ড। শরীরনির্ভর খেলা বাদ দিয়ে দুদলই চলে আসে নিজেদের স্বাভাবিক ফুটবলে। একের পর এক আক্রমন করে তারা শেখ রাসেলের ডিফেন্সকে ছিন্নভিন্ন করে ফেলে। কিন্তু গোলের জায়গায় গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে নিজেরাই তালগোল পাকিয়ে ফেলে। দলের সেরা স্ট্রাইকার বুকেলাই নষ্ট করেছেন বেশ কয়েকটি সুযোগ। তার মধ্যে ৮০ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ডানদিকে ঢুকে নেয়া শটটি গোলে রাখতে না পারাটা ছিল তার জন্য বড় ব্যর্থতা। এর মিনিট দশেক আগেও একটি ভাল সুযোগ তৈরি করে দিয়েছিলেন কমল। কিন্তু গোলরক্ষক টিটু বুকোলার পা থেকে বল কেড়ে নিয়ে সে যাত্রায় রক্ষা করেন শেখ রাসেলকে। তার আগে কোরিয়ান ওদোগির শট শেখ রাসেলের পোস্ট ঘেঁষে বাইরে যায়। আসলে গোল হওয়ার নয় বলে শেষের দিকে রিপন খান, হাজেম খালেদের চেষ্টাও একের পর এক ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ার্ধের আক্রমণ ও সুযোগের দিক থেকে মোহামেডানই এগিয়ে ছিল। তবে সেটা মানতে নারাজ শেখ রাসেলের কোচ ওয়াজেদ গাজী। তিনি বলছেন, "মোবারক দুটো সুযোগ পেয়ে নিজে না মেরে আলফাজকে দিলে আমরা দু গোলে এগিয়ে যাই।" একটি ৫৬ মিনিটে, সার্বিয়ান মারিকের থ্রু পাস আয়ত্তে নিয়ে মোবারক নিজে মারতে গিয়ে আগুয়ান গোলরক্ষক আমিনুলের হাতে তুলে দিয়েছেন। অন্যটি ৭৯ মিনিটে, সেবার আসলে আমিনুলের কৃতিত্বেই বেঁচে গেছে মোহামেডান। মোবারকের শট নেওয়ার মুহূর্তেই তিনি ঠেকিয়ে দিয়েছেন। তাই ড্র ছাড়া আর কোনো ভবিতব্য ছিল না এ ম্যাচের। সঙ্গে অবশ্যই অসন্তুষ্টিও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৪৫ঘ.