ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ----- মোহামেডানের ওদোগি জানেনই না মোহামেডান-শেখ রাসেল ম্যাচের গুরুত্বের কথা। যা কিনা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে শেখ রাসেলের নতুন বিদেশীদের। গুরুত্বটা হচ্ছে, যে কোনো মূল্যে জিততে হবে। নইলে শিরোপার দিকে দৌড়টা বেশ কঠিন হয়ে যাবে।
এমনিতেই হার কারো কাম্য হতে পারে না। এ ম্যাচে তো নয়ই। কারণ প্রায় একই অবস্থান থেকে শিরোপার দিকে হাত বাড়িয়ে আছে তারা। ১৪ খেলায় ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা শেখ রাসেলের প্রায় সঙ্গেই আছে ১৩ খেলায় ২৮ পয়েন্টধারী মোহামেডান। সুতরাং যে জিতবে সে শিরোপার দিকে এগিয়ে যাবে এবং প্রতিদ্বন্ধীর অগ্রযাত্রাও ঠেকিয়ে দেবে। ড্র-টা হতে পারতো দু'পক্ষের জন্যই লাভজনক ফর্মূলা। সেভাবেও ভাবতে পারছে না তারা তৃতীয় পক্ষের জন্য। ১৫ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ঢাকা আবাহনীর জন্য। মোহামেডান-শেখ রাসেল ড্র করলে শীর্ষ দলের নিরাপদ দূরত্ব বজায় থাকে। আবাহনীর শিরোপার দিকে যাত্রাটা নিষ্কন্টক হয়ে যায়। তাই দুপক্ষই জয়-পরাজয় দিয়ে নিষ্পত্তি চাইছে ম্যাচটির।
স্বাভাবিকভাবে পরাজয়ের কথা কেউ ভাবে না। মোহামেডান শেখ রাসেলের ডিফেন্সের দুর্বলতার দিকে চোখ রেখে জয়ের অংক কষছে। মোহমেডানের কোচ মারুফুল হক বলেছেন, "ওদের ডিফেন্সটা দূর্বল। সেটা মাথায় রেখে আমরা মাঠে নামবো। এই ম্যাচটা জিততেই হবে আমাদের।"
শিরোপার রেসের শেষ ল্যাপটা পার হওয়ার জন্যই তারা কোরিয়া থেকে নিয়ে এসেছে ওদোগিকে। যে স্ট্রাইকারের উচ্চতা ৫ফুট ৫ইঞ্চির বেশি নয়। যিনি জানেন না গুরুত্বপূর্ণ ম্যাচের গুরুত্বের কথা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, প্র্যাকটিসে দুর্বার হলেও ম্যাচে সাদামাটা। তাই সতীর্থরা ভরসা রাখছেন ১০ গোল করা নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলার ওপরই। তার সঙ্গী রবিনও ১৩ ম্যাচে ৭ গোল করেছেন। স্বাভাবিকভাবে এই দুজনের ওপরই ফোকাসটা বেশি থাকবে। তবে মোহামেডানের সমস্যা হচ্ছে, মাঝমাঠের জ্বালানী নাসির কার্ডের খাঁড়ায় পড়ে মিস করছেন এই ম্যাচ।
কিন্তু ওয়াজেদ গাজীও হিসাব কষছেন নতুন বিদেশীদের নিয়ে। শেখ রাসেল কোচের বিশ্বাস, "মাঝমাঠে যে ঘাটতি ছিল সেটা আমাদের পূরণ হয়ে গেছে নতুন বিদেশীদের নিয়ে। তারা ভাল খেলছে এবং আমাদের কৌশল অনুযায়ী খেলতে পারছে। আশা করি এই ম্যাচ আমরা জিতবো।" সিটিসেল বি. লিগের প্রথম লেগ শেষে পুরনোদের ফিরিয়ে দিয়ে রাসেল নিয়ে এসেছে নতুন চার বিদেশী। মরক্কোর তিনজন হলেন স্ট্রাইকার হামির ওমারি, দুই মিডফিল্ডার আহামেদ আল মোজাহিদ ও হিসাব আদমী। এছাড়া মারকো মারিক নামের এক সার্বিয়ান ডিফেন্ডারকেও আনা হয়েছে। দুই মিডফিল্ডার ভাল খেলেছেন আগের ম্যাচে। ফর্মে আছেন ১৪ ম্যাচে ১৩ গোল করা দেশী স্ট্রাইকার আলফাজ আহমেদ। এসবের জোরেই ওয়াজেদ গাজী প্রতিশোধের কথা বলতে পারছেন, "প্রথম লেগে আমরা হেরেছি। এবার সেই হার ফিরিয়ে দিতে চাই মোহামেডানকে।"
বোঝাই যাচ্ছে শেখ রাসেল আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তবে ঠিক আগের ম্যাচে ব্রাদার্সকে হারিয়ে মোহামেডানের আত্মবিশ্বাসের কমতি নেই। মানে জমজমাট এক ম্যাচের আছে প্রতিশ্র"তি দু'পক্ষ থেকেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৫০ঘ.
bdnews24