ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- ব্রাদার্সের শিরোপার স্বপ্নটা ফিকে করে দিয়েছিল মোহামেডান। যা শনিবার প্রায় মুছেই দিয়েছে মুক্তিযোদ্ধা ! লিগের শুরু থেকেই যে দলটির দীন-হীন অবস্থা সেই মুক্তিযোদ্ধা গোলশূন্য ড্র করে ব্রাদার্সকে শিরোপার দৌড় থেকে ছিটকেই দিয়েছে প্রায়।
১৫ ম্যাচে ২৭ পয়েন্ট পাওয়া ব্রাদার্সের গাণিতিক সম্ভাবনা খানিকটা অবশিষ্ট থাকলেও খেলোয়াড়দের চোখগুলোতে স্পষ্ট ধরা পড়েছে স্বপ্ন হারানোর বেদনা। তরুণ মিডফিল্ডার জাহিদ হোসেনের মুখে রা নেই, শূন্য দৃষ্টি জানিয়ে দেয় তার ব্যর্থতার অন্তর্দহনের কথা। অভিজ্ঞ মতিউর মুন্নাও মেনে নিতে পারছেন না মুক্তিযোদ্ধার ধাক্কায় ব্রাদার্সের এমন সঙ্গীন অবস্থাকে।
কিন্তু বুকে পাথর চাপা দিয়ে ওয়াসিম ইকবাল স্বীকার করে নিয়েছেন বাস্তবতাকে, "এই ম্যাচের পর তো আমরা শিরোপার দৌড় থেকে অনেকটা বাইরে চলে গেলাম। খেলোয়াড়রা অনেক চেষ্টা করেও গোল বের করতে পারেনি। এবারও আমরা মুক্তিযোদ্ধার সঙ্গে পারলাম না।" তারপর আমাদের পশ্চাৎপদ ক্রীড়া সংস্কৃতির বাইরে গিয়ে ব্রাদার্স কোচ বলেছেন, "ব্যর্থতার দায় আমার। দলটাকে নিয়ে আমি ভাল কিছু করতে পারিনি।"
প্রথম লেগেও এই মুক্তিযোদ্ধার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাদার্স ইউনিয়ন। এবারও গোপীবাগের দলটি মাঠে আধিপত্যের চিত্রটা স্কোরলাইনে অনূদিত করতে পারেনি। ভাল স্ট্রাইকারের অভাব তো তাদের শুরু থেকেই। তাছাড়া মুক্তিযোদ্ধা নেমেছিল প্রতিপক্ষের যাত্রা ভঙ্গ করে এক পয়েন্ট ছিনিয়ে নেওয়ার মিশনে। এজন্য তারা কড়া প্রহরা বসিয়েছিল ডিফেন্সে। তার সঙ্গে চূড়ান্ত প্রহরী জেমস পল প্রাচীর হয়ে আভির্ভূত হয়েছিলেন গোল লাইনে।
কয়েকটি আক্রমণ মুক্তিযোদ্ধার ডিফেন্সে ধাক্কা খেয়ে ফিরে যাওয়ার পর প্রথমার্ধের ইনজুরি টাইমে গোলের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল ব্রাদার্স। কিন্তু শাকিলের চমৎকার প্লেসিং শটটি পল ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়েছেন। তার আরেকটি অসাধারণ সেভ আছে ৭৩ মিনিটে। অরূপের থ্রু-পাসটি আয়ত্তে নিয়ে জাহিদ প্লেসিং করলেও পল তা ঠেকিয়েছেন অবিশ্বাস্য দক্ষতায়। এছাড়া ৬০ মিনিটে হেনরির শট ঠেকানোসহ অনেক ছোটখাটো প্রতিরোধের কীর্তি তো আছেই এই গোলরক্ষকের। তার ফল হচ্ছে ১৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় সর্বনিম্নস্থানে মুক্তিযোদ্ধা।
তারপরও ম্যাচ শেষে ব্রাদার্সের খেলোয়াড়দেরই নিতে হবে ব্যর্থতার দায়। কারণ ৫৬ মিনিট অমিত খান শুভ্রকে ফাউল করার অপরাধে মুক্তিযোদ্ধার ওয়ালিদ খানকে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে। তারপর থেকে লড়াইটা একেবারে অসম হয়ে পড়ে। মানে ব্রাদার্স এক জন বেশি নিয়ে খেললেও তার সুফল বের করতে পারেনি। তাই ম্যাচ শেষে স্বপ্নের রং উবে গেছে চোখ থেকে।
অবশ্য আগের ম্যাচে মোহামেডানের কাছে হেরে তারা শিরোপা স্বপ্নটাকে কঠিন করে ফেলেছিল। এখন বেঁচে আছে খানিকটা গাণিতিক সম্ভাবনা। ব্রাদার্স চতুর্থ স্থানে থাকলেও দুই ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান তৃতীয়। দ্বিতীয় স্থানে থাকা শেখ রাসেলের সংগ্রহ ১৪ খেলায় ৩০ এবং সমসংখ্যক ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১০০ঘ.
bdnews24