ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়ের জন্য প্রয়োজন মাত্র ১৫৩ রান, তবে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া এই ছোট্ট টার্গেটটা তাড়া করতে নেমে শুরুতেই একটা হোঁচট খেয়েছে শ্রীলঙ্কা। প্রথম বলেই রান আউট হয়ে গেছেন সনাৎ জয়াসুরিয়া। মাশরাফি বিন মর্তুজার করা প্রথম ওভারে কোনো রানও তুলতে পারেনি তারা।
এর আগে শুক্রবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে স্বাগতিক বাংলাদেশ অলআউট হয়ে গেছে মাত্র ১৫২ রানে।
শুরু আর শেষের বিপর্যয়ই সর্বনাশ করেছে বাংলাদেশের। ৫৪ রানে প্রথম পাঁচ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ (২৬) আর রকিবুল হাসানের (অপরাজিত ৪৩) ৪২ রানে জুটিতে ঘুরে দাঁড়ানোর পালা শুরু করেছিল মোহাম্মদ আশরাফুলের দল। এরপর নাইম ইসলামকে (২১) নিয়ে সপ্তম উইকেটে আরো ৫৩ রান যোগ করেছেন রকিবুল, কিন্তু নাইমের বিদায়ে শুরু হওয়া আরেকটি ঝড়ে ১২ বলে মাত্র ১ রানেই শেষ চার উইকেট হারিয়েছে তারা।
গ্র"প ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অবিস্মরণীয় জয়ের কারণেই শুক্রবার সকাল থেকেই ভরা শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারি। কিন্তু দর্শকদের সেই প্রত্যাশা পুরণ হয়নি মোটেই। দুদিন আগের মতো কুয়াশার চাদরে ঢাকা ছিল না সকালটা, টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে তবু ফিল্ডিং নিতে দ্বিধা করেননি। আর তার এই সিদ্ধান্তটা কার্যকর প্রমাণ করেছেন নুয়ান কুলাসেকারা। ৮ ওভারের দুর্দান্ত এক স্পেলে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন তিনিই। আর দুই স্পিনার অজন্তা মেন্ডিস (৩/২৫) ও মুত্তিয়া মুরালিধরন (২/৩৩) মিলে শেষ করেছেন স্বাগতিকদের ইনিংসের লেজটুকু।
নিজের দ্বিতীয় আর ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে প্রথম ধাক্কাটা দিয়েছেন কুলাসেকারা। আগের ম্যাচে কোনো বল না খেলেই রান আউটের শিকার হওয়া জুনায়েদ সিদ্দিকী (১) এবার আর কোনো দুর্ভাগ্যের শিকার নন, অফস্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে উইকেট কিপার কুমার সাঙ্গাকারার দারুণ এক ক্যাচের শিকার হয়েছেন তিনি।
কুলাসেকারার পরের ওভারেই মুশফিকুর রহিম এই টুর্নামেন্টে তার ভুলে যাওয়ার মতো পারফরম্যান্স ধরে রেখে ফিরে গেছেন ৪ রানে। ফ্রন্টফুটে ডিফেন্স করতে গিয়েও ঠিকমতো করতে পারেননি তিনি, বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে আঘাত হেনেছে স্টাম্পে।
আর প্রথম স্পেলের শেষ ওভারে তামিম ইকবালকেও উইকেটের পিছনে সাঙ্গাকারার শিকার বানিয়েছেন কুলাসেকারা। ১৮ রান করতে ৪২ বল খেলেছেন তামিম।
এর আগে বাংলাদেশকে আরেকটা ধাক্কা দিয়েছেন ও অ্যানজেলো ম্যাথ্যুসের জায়গায় এই ম্যাচের দলে ফেরা ফারভিজ মাহারুফ। অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে (১৩) ফিরিয়ে দিয়েছেন তিনি। উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন আশরাফুলও।
আর তামিমের বিদায়ের পর ফিরে গেছেন যাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা সবচেয়ে বেশি ছিল সেই সাকিব আল হাসানও। আগের ম্যাচে ৯২ রানের দুর্দান্ত ম্যাচজেতানো ইনিংস খেলা এই বাঁহাতিকে ফিরিয়েছেন থিলিনা তুষারা, সাঙ্গাকারা নিয়েছেন তার চতুর্থ ক্যাচটি।
রকিবুল আর মাহমুদউল্লাহর লড়াই শুরু সেখান থেকেই। ইনিংসের একমাত্র ছক্কা আর দুটি চারে ৩৬ বলে ৫৬ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহকে ফিরিয়ে ওই জুটিটা ভেঙেছেন মুরালিধরন। এই অফস্পিনারের বলে প্লেড অন হয়ে গেছেন মাহমুদউল্লাহ। আর নাইমকে ফিরিয়ে শেষ ঝড়টা শুরু করেছেন মেন্ডিস। ৪৪তম ওভারে নেওয়া তৃতীয় পাওয়ার প্লে কাজে লাগানোর চেষ্টায় উইকেট ছেড়ে বেরিয়ে মেন্ডিসকে উড়িয়ে মারতে চেয়েছিলেন নাইম, কিন্তু বল চলে গেছে মিড অনে দাঁড়ানো জিহান মুবারকের হাতে। দুবল পরেই ফিরে গেছেন মাশরাফি বিন মর্তুজাও, সুইপ করে ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়েছেন তিনি ।
পরের ওভারে মুরালিধরনের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন এই ম্যাচে দলে ফেরা নাজমুল হোসেন, আর মেন্ডিসের পরের ওভারে রুবেল হোসেন ক্যাচ দিয়েছেন ডিপ স্কোয়ার লেগে। বাংলাদেশের শেষ তিন ব্যাটসম্যানের কেউই পারেননি রানের খাতা খুলতে।
আগের ম্যাচে বাংলাদেশের কাছে হারা শ্রীলঙ্কা দলে পরিবর্তন একটাই, বাংলাদেশ দলেও তা-ই। শ্রীলঙ্কা দলে অ্যানজেলো ম্যাথুসের জায়গায় এসেছেন ফারভিজ মাহারুফ, বাংলাদেশ পেসার মাহবুবুল আলমের জায়গায় দলে রেখেছে নাজমুল হোসেনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১২১৪ ঘ.
bdnews24