মাদ্রিদ/লন্ডন/রোম, ১৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সপ্তাহের মাঝপথেই বুধবার রাতে মাঠে নেমেছিল ইওরোপীয় ক্লাব ফুটবলের বেশ কয়েকটি পরাশক্তি। প্রতিটি দলই পেয়েছে জয়ের মধুর স্বাদ। স্প্যানিশ কিংস কাপে বার্সেলোনা, সেভিয়া ও ভ্যালেন্সিয়া, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও এফএ কাপে চেলসি, ইতালিয়ান কাপে জুভেন্টাস এবং সিরি 'আ'তে এএস রোমা জিতেছে নিজেদের ম্যাচে।
গত সপ্তাহে কিংস কাপের পঞ্চম রাউন্ডের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে পাত্তাই দেয়নি বার্সেলোনা। অ্যাটলেটিকোর মাঠ থেকে তারা ফিরেছিল ৩-১ গোলের সহজ জয় নিয়ে। বুধবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে অবশ্য অত সহজে জিততে পারেনি 'বার্সা'। তবে ২৪ মিনিটে ফ্লোরেন্ত সিনামা পঙ্গোলের গোলে পিছিয়ে পড়লেও বোজান কিরকিচ ও এইডুর গুডজনসেনের লক্ষ্যভেদে ২-১ গোলের জয় পেয়েছে স্প্যানিশ লিগের শীর্ষে থাকা দলটি। সুবাদে ৫-২ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে বার্সেলোনা। সেখানে তাদের প্রতিপক্ষ একই শহরের প্রতিদ্বন্দ্বী এসপানিওল।
টুর্নামেন্টের ২০০৭-এর বিজয়ী সেভিয়াও ৩-০ গোলে দেপোর্তিভো লা করুনাকে বিধ্বস্ত করে (সর্বমোট ৫-১) পৌঁছে গেছে শেষ আটে। তিন গোলের দুটোই লুই ফ্যাবিয়ানোর। কোয়ার্টার ফাইনালে সেভিয়া খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। পঞ্চম রাউন্ডের ফিরতি লেগে ভ্যালেন্সিয়া ৩-১ গোলে (সর্বমোট ৪-২) হারিয়েছে রেসিং সান্তানদারকে। কিংস কাপের অন্য দুটো কোয়ার্টার ফাইনালের একটিতে রিয়াল মায়োরকা রিয়াল বেটিসের এবং অন্যটিতে স্পোর্টিং গিজন মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাও অথবা ওসাসুনার। বৃহস্পতিবার রাতে শেষ দল হিসাবে শেষ আটে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে বিলবাও ও ওসাসুনা।
ইংলিশ প্রিমিয়ার লিগে উইগান অ্যাথলেটিককে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে মাত্র ৫৪ সেকেন্ডে সদ্য ফিফা বর্ষসেরা নির্বাচিত ক্রিস্টিয়ানো রোনালদোর পাস থেকে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটা করেছেন ওয়েইন রুনি। কিন্তু তার আট মিনিট পর হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় খোঁড়াতে, খোঁড়াতে বেরিয়ে গেছেন তিনি। ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন জানিয়েছেন অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে রুনিকে। এই জয়ের ফলে ৪৪ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা এখন লিগের দ্বিতীয় স্থানে। তাদের চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে লিভারপুল শীর্ষে থাকলেও 'রেড ডেভিল'রা একটা ম্যাচ কম খেলেছে।
এফএ কাপের তৃতীয় রাউন্ডের ফিরতি ম্যাচে স্বস্তিকর জয় পেয়েছে চেলসি। তৃতীয় বিভাগের সাউথএন্ড ইউনাইটেডকে তারা উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। আগের ছয় ম্যাচে মাত্র একটা জয় পাওয়া 'ব্লুজ' অবশ্য ১৬ মিনিটের সময় পিছিয়ে পড়েছিল। কিন্তু মাইকেল বালাক, সলোমন কালু, নিকোলাস আনেলকা ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের গোলে সহজ জয় পাওয়ায় কোচ লুই ফেলিপে স্কলারিও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন!
ইতালিয়ান কাপেও সহজেই জিতেছে জুভেন্টাস। মারচিওন্নি, জিওভিঙ্কো ও দেল পিয়েরোর লক্ষ্যভেদে ক্যাটানিয়াকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। শেষ আটে 'জুভ'দের প্রতিপক্ষ নাপোলি। সিরি 'আ'র এক পুননির্ধারিত ম্যাচে জুলিও ব্যাপটিস্টার দুই গোলে সাম্পদোরিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে রোমা। এই জয় দিয়ে ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৫৪০ঘ.
bdnews24