ঢাকা, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যারিয়ারের সায়াহ্নে এসে জ্বলে উঠেছেন আলফাজ আহমেদ। বুধবার তার দু গোলের সুবাদে সিটিসেল বি. লিগে আরামবাগকে সহজেই ৩-১ গোলে হারিয়েছে শিরোপা প্রত্যাশী শেখ রাসেল ক্রীড়াচক্র।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ রাসেলকে প্রথমার্ধে গোল পেতে না দিলেও বিরতির পর আর পেরে ওঠেনি আরামবাগ। ৬৬ মিনিটে মরক্কান সামির ওমারির মাধ্যমে বিজয়ী দলের গোলোৎসবের সূচনা। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আলফাজ। ৮৯ মিনিটে সৈয়দ রাহেদ তূর্য একটি গোল শোধ করার কিছুক্ষণ পর আলফাজ লক্ষ্যভেদ করে শেষ করে দেন ম্যাচের সব উত্তেজনা। এই দু গোলের সুবাদে ১৩ গোল নিয়ে তিনিই এখন বি.লিগের সর্বোচ্চ গোলদাতা। ১২ গোল করে তার ঠিক পরেই আছেন রহমতগঞ্জের স্ট্রাইকার ইদ্রিস কাস্রিয়ে।
আরামবাগের বিপক্ষে এই জয়ের ফলে লিগে শেখ রাসেলের অবস্থান এখন দ্বিতীয়। ১৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩০ পয়েন্ট। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ঢাকা আবাহনী। তৃতীয় স্থানে থাকা ঢাকা মোহামেডানের পয়েন্ট ২৮। তারা অবশ্য একটা ম্যাচ কম খেলেছে চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০১০ঘ.
bdnews24