২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সকে পাত্তাই দিল না মোহামেডান

ব্রাদার্সকে দাঁড়াতেই দেয়নি মোহামেডান। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত সিটিসেল বি.লিগের এই ম্যাচটিতে মোহামেডান জিতেছে ৩-১ গোলে, সেটা এই কারণে যে ব্রাদার্স দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল, নইলে প্রথমার্ধেই যেভাবে মোহামেডান ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল তাতে আরও অনেক বড় হারের আশংকা তৈরি হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 03:04 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ব্রাদার্সকে দাঁড়াতেই দেয়নি মোহামেডান। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত সিটিসেল বি.লিগের এই ম্যাচটিতে মোহামেডান জিতেছে ৩-১ গোলে, সেটা এই কারণে যে ব্রাদার্স দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল, নইলে প্রথমার্ধেই যেভাবে মোহামেডান ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল তাতে আরও অনেক বড় হারের আশংকা তৈরি হয়েছিল। আগের ম্যাচেই মুক্তিযোদ্ধাকে ৫-০ গোলে হারিয়েছে তারা, স্বাভাবিক কারণেই এই ম্যাচের মোহামেডানকেও ঝড়ো চেহারায় দেখা যাবে বলেই ধারণা করেছিল সবাই। ধারণামতোই শুরু করে তারা। শুরু থেকেই মিশরীয় মিডফিল্ডার হাজেম মাহমুদ খালেদের নৈপুণ্যে মধ্যমাঠের কর্তৃত্ব হাতে তুলে নেয় মোহামেডান। তাকে সহায়তা করেন আরমান আজিজ এবং এনামুল হক শরীফ। শুরুর ১০ মিনিটের মধ্যেই দুটো গোলের সহজ সুযোগ আসে তাদের সামনে। প্রথমবার হাজেমের ফ্রি কিকে সৈকতের হেড বারে লেগে ফিরে আসে, আর রিপন খানের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন শাকিল। ২৪ মিনিটে নাসির আর কোনো ভুল করেননি। হাজেম লং বল ফেলেছিলেন ব্রাদার্স সীমানায়, ব্রাদার্স ডিফেন্ডারদের ব্যর্থতায় বলটা ধরে গোল করেন তিনি। ৯ মিনিট পর ব্রাদার্স দ্বিতীয় গোলটিও খায় তাদের ডিফেন্ডারদের ভুলে। মিশু ও আরিফুলের বল ক্লিয়ার করার অনেক সুযোগ ছিল, কিন্তু তারা তার কোনোটাই কাজে লাগাতে পারেননি, ফাঁকে রবীন বলটা কেড়ে নিয়ে বাড়িয়ে দেন বুকোলাকে। বুকোলা লিগে তার দশম গোলটি করেন সহজেই। তৃতীয় গোলটি করেন রবীন, আর এবার যোগানদাতা বুকোলা। মতিউর মুন্নার কাছ থেকে বল কেড়ে নিয়ে বুকোলা সেটা ঠেলে দেন রবীনকে, আর রবীন বল জালে জড়িয়ে নিশ্চিত করে ফেলেন ম্যাচে মোহামেডানের জয়। দ্বিতীয়ার্ধে মোহামেডানের লক্ষ্য ছিল ব্যবধানটা ধরে রাখা, আর তাই বেশিরভাগ সময়ই খেলা হয় মাঝমাঠে। তাহলেও একটা গোল শোধ করে ব্রাদার্স। সেটা খেলার একেবারে অন্তিম মুহূর্তে, পেনাল্টি থেকে। ডি বক্সে নাসির মতিউর মুন্নাকে ফাউল করাতে পেনাল্টি পেয়েছিল ব্রাদার্স, জাহিদ তা থেকে গোল করে ব্যবধান কমিয়ে নিয়ে আসেন ১-৩ এ। এই জয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। আর ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট পাওয়া ব্রাদার্স আছে চার নম্বরে। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আবাহনী এখনও সবার ওপরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২১০৫ঘ.