ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বাজে ফুটবল খেলেও কোনো রকমে জয় নিয়ে ফিরছে ঢাকা আবাহনী। সোমবার স্বাগতিক চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে তারা শীর্ষস্থান ধরে রেখেছে। তাদের সংগ্রহ ১৪ খেলায় ৩২ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে চট্টগ্রাম আবাহনীর ১৩ পয়েন্ট।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এদিন শুরু থেকেই অগোছালো ফুটবল খেলেছে ঢাকা আবাহনী। দুই বিদেশী এমেকা ও ইব্রাহিমের হঠাৎ অনুপস্থিতিতে তাদের ছন্দপতন হয়েছে। তাই মাঝমাঠেও তারা তেমন সুবিধা করতে পারেনি। এর মধ্যে জাহিদ হাসান এমিলি পোনাল্টি মিস করে বসলে দুশ্চিন্তায় পড়ে যায় আবাহনী। ৩২ মিনিটে নিজেদের ডিফেন্সে স্বাগতিক দলের নাজির ঢাকা আবাহনীর এমিলিকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু এমিলির নেওয়া পেনাল্টি শটটি গোলরক্ষক গোলাম মোস্তফা ঠেকিয়ে দিয়ে ম্যাচে ধরে রাখেন চট্টগ্রাম আবাহনীকে।
শেষ পর্যন্ত ৪৫ মিনিটের গোলে দুশ্চিন্তামুক্ত হয় ঢাকা আবাহনী। গোলদাতা হিসেবে রেফারি ওয়ালি ফয়সালের নাম উল্লেখ করলেও আত্মঘাতি বলেই মনে হয়েছে অনেকের। বাঁদিক থেকে ঢাকা আবাহনীর এই ডিফেন্ডারের পাঠানো ক্রসটি চট্টগ্রাম আবাহনীর মিন্টু ক্লিয়ার করতে গিয়ে নিজেদের পোস্টে ঢুকিয়ে দিয়েছেন। গোল যেভাবে হোক সেটি ধরে রেখেই শেষপর্যন্ত মূল্যবান তিনটি পয়েন্ট নিশ্চিত করেছে ঢাকা আবাহনী।
কারণ গোলের পরও ঢাকা আবাহনী ছন্দে ফিরতে পারেনি। আক্রমণের চেয়ে বরং রক্ষণেই তারা বেশি মনযোগী হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচ শেষে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেছেন, "তিনটি করে হলুদ কার্ড থাকায় ইব্রাহিম, এমেকা ও প্রাণতোষকে খেলাতে পারিনি আমরা। মাঠের খেলায়ও তার প্রভাব পড়েছে। আশা করছি আগামী ম্যাচে পুরো শক্তির দল নামাতে পারবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯২৫ঘ.
bdnews24