২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি, জাভির গোলে বার্সেলোনার জয়, জিতেছে রিয়ালও

শেষ ১০ মিনিটে জাভি হার্নান্দেজ আর লিওনেল মেসির দু গোল অঘটনের হাত থেকে বাঁচিয়েছে স্প্যানিশ লিগের শীর্ষে থাকা বার্সেলোনাকে। রোববার পয়েন্ট তালিকার তলানিতে পড়ে থাকা ওসাসুনাকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে নিজেদের অবস্থানটা আরো সংহত করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 12:38 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

লন্ডন, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ ১০ মিনিটে জাভি হার্নান্দেজ আর লিওনেল মেসির দু গোল অঘটনের হাত থেকে বাঁচিয়েছে স্প্যানিশ লিগের শীর্ষে থাকা বার্সেলোনাকে। রোববার পয়েন্ট তালিকার তলানিতে পড়ে থাকা ওসাসুনাকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে নিজেদের অবস্থানটা আরো সংহত করেছে তারা। এদিনের অন্য এক ম্যাচে রিয়াল মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, তবে ক্যাটালানদের চেয়ে ১২ পয়েন্ট পেছনে রয়েছে তারা। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ এক ম্যাচে রোববার নিজেদের মাঠে পেয়ে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয় বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা স্বপ্নকে আরো উজ্জ্বল করেছে। ইংল্যান্ড-স্পেনের বড় দলগুলো জয় পেলেও পায়নি ইতালিয়ান সিরি-আ'র দল এসি মিলান। ডেভিড বেকহামের অভিষেক ম্যাচে এএস রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। ওসাসুনার মাঠে দারুণ উত্থান-পতনের ম্যাচে বার্সেলোনাই প্রথম এগিয়ে গিয়েছিল। বিরতির ঠিক আগে তাদের সেই লিড এনে দিয়েছিল এ মৌসুমে ক্যামেরুনিয়ান স্ট্রাইকার স্যামুয়েল এতো'র ১৬তম গোল। তবে মিগুয়েল ফ্ল্যানো সেই গোল শোধ করার পর ওয়াল্টার প্যান্ডিয়ানি উল্টো ওসাসুনাকেই এগিয়ে নিলে চাপে পড়ে যায় বার্সা। শেষ দশ মিনিটে জাভি আর মেসির গোলে সেই চাপ এড়িয়ে জয় পেয়েছে তারা। এই জয়ে ১৮ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ দাঁড়ালো ৪৭। আর অ্যারিয়েন রোবেন, রাউল ও সার্জিওর দেওয়া তিন গোলে জয় পাওয়া রিয়ালের পয়েন্ট ৩৫। এই ম্যাচে রিয়ালের হয়ে নিজের পাঁচশতম গোলটি করেছেন তাদের 'ঘরের ছেলে' রাউল। এ মৌসুমের শুরু থেকেই পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেলসির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়টি এসেছে নেমানিয়া ভাইদিচ, ওয়েইন রুনি আর দিমিতার বার্বাতভের তিন গোলে। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়নরা আপাতত পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে, তবে বুধবার নিজেদের মাঠে উইগ্যান অ্যাথলেটিক আর শনিবার বোল্টন ওয়ান্ডারার্সকে হারাতে পারলে শীর্ষেই উঠে যাবে তারা। ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আপাতত সেখানে লিভারপুল, চেলসির সংগ্রহ ৪২। সিরি-আ'তে নিজের অভিষেক ম্যাচে বেকহাম প্রায় পুরো সময়ই খেলেছেন। ৮৯ মিনিটে মাঠ ছাড়ার আগে বামপ্রান্ত থেকে এসি মিলানের বেশ কয়েকটি আক্রমণের উৎসও গড়েছেন তিনি, কিন্তু সেই সব আক্রমণ জেতাতে পারেনি তার দলকে। রোমার হয়ে মিরকো ভুসিনিচের দুগোলের জবাব দিয়েছেন মিলানের নতুন ব্রাজিলিয়ান তারকা আলেকসান্দর পাতো। আগের দিন তালিকার শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট হারানোর সুযোগটা তাই আর নেওয়া হয়নি মিলানের। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে এখনো তারা তৃতীয় স্থানেই। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাস অবশ্য ব্যবধানটা খানিকটা কমিয়েছে। জ