ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ক্রমেই দুঃসাহসী হয়ে উঠছেন কাজী সালাউদ্দিন। কদিন আগেও যে ফুটবলে 'নুন আনতে পানতা ফুরনোর' মতো হাহাকার ছিল সেখানে এখন আধুনিক ফুটবল একাডেমির স্বপ্ন দেখছেন বাফুফে সভাপতি। স্বপ্নের জগত পেরিয়ে তিনি বাস্তবের অনেক কাছাকাছিও নাকি পৌঁছে গেছেন! জানুয়ারির মধ্যেই ফুটবল একাডেমি তৈরির ঘোষণা আসতে পারে বাফুফের তরফ থেকে।
রোববার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, "আধুনিক ফুটবল একাডেমি তৈরির ব্যাপারে বিভিন্ন পর্যায়ে কথাবার্তা চলছে। আশা করছি জানুয়ারির মধ্যেই একটা ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছুতে পারবো। তখনই আমি আনুষ্ঠানিক ঘোষণা দিতে চাই।"
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে বয়সভিত্তিক দলগুলোকে নিয়ে কাজ শুরু করেছে। করতে গিয়ে তারা পড়েছেন বিভিন্ন সমস্যার মুখে। আবাসনের ব্যবস্থা করতে এখানে-ওখানে ধরনা দিতে হয়। সেটা নিশ্চিত হলে প্রকট হয়ে দাঁড়ায় পর্যাপ্ত প্রশিক্ষণ সরঞ্জামের অভাব। যেহেতু নিজেদের জায়গা নয় তাই অন্যের মর্জি মাফিক এক-দু মাসের মধ্যেই শেষ করে দিতে হয় প্রশিক্ষণ শিবির। এসব সমস্যা থেকে রেহাই পেতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের মাথায় চেপে বসে ফুটবল একাডেমি তৈরির চিন্তা। তিনি বলেছেন, "ফুটবলারের মনোন্নয়নের জন্য একাডেমি আমাদের লাগবেই। জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোও যেন সেখানে নিরবিচ্ছিন্নভাবে প্র্যাকটিস করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এমন একটা একাডেমি গড়তে চাই যেখানে সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে।" তার পরিকল্পনা হচ্ছে এরকম---- অন্তত চার-পাঁচটি খেলার মাঠ, জিমনেসিয়াম, সুইমিংপুল এবং আবাসনের ব্যবস্থা রেখে ফুটবল একাডেমি তৈরি করা।
বিশাল এই আয়োজনের জন্য তো বিশাল জায়গার প্রয়োজন। ঢাকায় এরকম জায়গা নেই, তাই হবেও না। "ঢাকার বাইরে চিন্তা করছি। তবে এখনো জায়গার ব্যাপারটি চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। এতে আমাদের সাহায্য করছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। আশা করছি জানুয়ারির মধ্যেই সব চূড়ান্ত হয়ে যাবে"---- আত্মবিশ্বাসের সুরেই বলেছেন কাজী সালাউদ্দিন। শোনা যাচ্ছে গাজীপুরে একাডেমি তৈরির সম্ভাবনার কথা, সেখানে সরকারের এক খণ্ড খাস জমি নিয়ে আলাপও নাকি চলছে। জমি হওয়ার পর অর্থচিন্তা। অংকটা কতো তা এখনো চূড়ান্ত না করলেও বাফুফে সভাপতি ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছেন। এবং তিনি বেশ দৃঢ়তার সঙ্গে বলেছেন, "একাডেমির জন্য ফিফা-এএফসির কোনো বরাদ্দ নেই। বাফুফে বিভিন্নভাবে টাকা যোগাড় করবে। আমার চিন্তা হচ্ছে, জানুয়ারিতে জায়গা হয়ে গেলে দু'মাসের মধ্যে একাডেমি তৈরির কাজ শুরু করে দেওয়া।"
তবে কাজ শুরুর আগে বাফুফে সভাপতি একবার আয়াক্স, বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল একাডেমি ঘুরে আসতে চান। দেশে বিকেএসপির ধারনাটা অনেকখানি একাডেমির মতো হলেও তা আমাদের ক্রীড়াঙ্গনকে তেমন কিছু দিতে পারেনি। বিশেষ করে সেরকম কোনো সুপার স্টারের জন্ম দিতে পারেনি বিকেএসপি। তাই সালাউদ্দিন ফর্মূলা আমদানি করতে চাইছেন বাইরে থেকে, "আসলে কী পদ্ধতিতে চললে ফুটবল একাডেমি সফল হয় বা সেখান থেকে স্টার ফুটবলার তৈরি করা যায়, তা আমার ভাল জানা নেই। তাই আয়াক্স, বার্সেলোনা ও ম্যানউ-তে যাবার পরিকল্পনা, তাদের একাডেমি থেকে দুর্দান্ত সব ফুটবলার বের হচ্ছে। নিশ্চয় নির্দিষ্ট কোনো প্রক্রিয়া আছে তাদের। সেটা জানতে আমি ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দেখতে যাবো ভাবছি।"
ভাবনার সিঁড়ি বেয়ে যখন এতদূর পৌঁছে গেছেন তখন ফুটবল একাডেমি হচ্ছেই ধরে নেওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪৫ঘ.
bdnews24