ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এবারো পার পেয়ে যাচ্ছেন সিরাজুল ইসলাম বাচ্চু। বেসুরো জাতীয় সঙ্গীত আর নানা অপকীর্তি দিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলের সম্মাননা অনুষ্ঠানকে চূড়ান্ত অসম্মান করেও তিনি আছেন বহাল তবিয়তে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন গত ৪ জানুয়ারি বাফুফে ভবন সংলগ্ন বালুর মাঠে স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে। স্বাধীনতার ৩৭ বছর পর বাফুফের দেওয়া এই সংবর্ধনা অনুষ্ঠান নানা কান্ড-কীর্তিতে হাস্যকর এবং প্রশ্নবিদ্ধ। যা নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করলেও শনিবার আনুষ্ঠানিকভাবে বলেছেন, "অবশ্যই এই অনুষ্ঠান আরো সুন্দর হতো পারতো। এর সব দায় আমি নিজের কাঁধেই নিলাম।"
অথচ তিনি ছিলেন অনুষ্ঠানের নেপথ্যে, নিজে স্বাধীন বাংলা দলের সদস্য হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের সঙ্গে নিজেকে সরাসরি জড়াতে চাননি। তাই বাফুফে সদস্য সিরাজুল ইসলাম বাচ্চুকে আহবায়ক করে একটি সংবর্ধনা আয়োজক কমিটি গঠন করে দিয়েছিলেন। বিভিন্ন সরকারের আমলে অবিশ্বাস্য দক্ষতায় যিনি ফেডারেশনে নিজের চেয়ার ঠিক রেখেছেন, যিনি সবচেয়ে দীর্ঘসময় বাফুফেতে থাকার রেকর্ড গড়েছেন তিনি হলেন বাচ্চু। স্বাভাবিকভাবেই তার অভিজ্ঞতার ঝুলিও সমৃদ্ধ হওয়ার কথা। কিন্তু সেই অভিজ্ঞতা দিয়ে তিনি এমন সংবর্ধনা দিয়েছেন যা স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে।
খোদ বাফুফে সভাপতিও বিব্রতবোধ করেছেন জাতীয় সঙ্গীতের 'বিজাতীয়' সংস্করণ শুনে ! তার আক্ষেপ, "অন্যান্য ভুল-ভ্রান্তিগুলো বাদ দিলাম, অন্তত জাতীয় সঙ্গীতটা ঠিকমতো হলেও মান রক্ষা হতো।" সুর-তালে বেতাল, একদিকে গাইয়েদের গলা তো অন্যদিকে কি-বোর্ড। সঙ্গে ছিল সাউন্ড সিস্টেমের বিদ্রোহ। এভাবেই 'সোনার বাংলা'কে ভালবাসার কথা বলেছে বাফুফে। গাইয়ে মেয়েগুলোকে জোগাড় করেছেন বাচ্চু। এরা নাকি বাফুফের অনুষ্ঠানের বাঁধা শিল্পী। কখনো স্পন্দন কখনো-বা অন্য কোনো ব্যানারে তারা বাফুফের অনুষ্ঠানে কাজ পায় বাচ্চুর বদৌলতে। সেভাবে অনুষ্ঠানের প্রিন্টিংয়ের কাজগুলো দেওয়া হয় একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে।
শুধু এই অনুষ্ঠান নয়, এর আগেও বাচ্চু নিজের দক্ষতার (!) প্রমাণ রেখেছেন নানা আয়োজনে। গত বছর অ্যাস্ট্রোটার্ফের ফলক উন্মোচন অনুষ্ঠানেও তার কীর্তি আছে। এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মাম যে ফলকটি উন্মোচন করবেন তাতে লেখা 'এশিয়ান ফুটবল কনস্ট্রাকশন' (হবে এশিয়ান ফুটবল কনফেডারেশন)! আগেভাগে এই ভুল চোখে পড়ায় সেই যাত্রায় রক্ষা পেয়েছে বাফুফে। যদিও তা আগেই দেখে ফেলেছেন এএফসির লোকজন।
এতবড় ভুলের পরও বাচ্চুর কিছু হয়নি। এবার নতুন কমিটিতে এসে নতুন কীর্তি গড়তে শুরু করেছেন তিনি !
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০৫৩ঘ.
bdnews24