২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও আরামবাগের বাধা পেরোতে পারল না ব্রাদার্স

বার বার আরামবাগে গিয়ে হোঁচট খাচ্ছে ব্রাদার্স ইউনিয়ন। এবার আরামবাগ অতি সাধারণ মানের দল হলেও ব্রাদার্সের জন্য তারা বিশাল এক বাধা। যে বাধা টপকাতে পারেনি তারা দ্বিতীয় লেগেও। প্রথম লেগে ২-২ গোলে ড্রয়ের পর শুক্রবার ফিরতি লেগেও ব্রাদার্স ১-১ গোলে ড্র করেছে আরামবাগের সঙ্গে। পয়েন্ট ভাগাভাগির ফলে ১৩ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে ব্রাদার্স এখন শীর্ষদল আবাহনীর চেয়ে ৩ পয়েন্ট পেছনে। সমসংখ্যক ম্যাচে আরামবাগের সংগ্রহ ১১ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বার বার আরামবাগে গিয়ে হোঁচট খাচ্ছে ব্রাদার্স ইউনিয়ন। এবার আরামবাগ অতি সাধারণ মানের দল হলেও ব্রাদার্সের জন্য তারা বিশাল এক বাধা। যে বাধা টপকাতে পারেনি তারা দ্বিতীয় লেগেও। প্রথম লেগে ২-২ গোলে ড্রয়ের পর শুক্রবার ফিরতি লেগেও ব্রাদার্স ১-১ গোলে ড্র করেছে আরামবাগের সঙ্গে। পয়েন্ট ভাগাভাগির ফলে ১৩ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে ব্রাদার্স এখন শীর্ষদল আবাহনীর চেয়ে ৩ পয়েন্ট পেছনে। সমসংখ্যক ম্যাচে আরামবাগের সংগ্রহ ১১ পয়েন্ট। পুরো ম্যাচে একচেটিয়া খেলেও পারেনি ওয়াসিম ইকবালের দল। ব্রাদার্স কোচও তাই চিন্তিত, "এই ম্যাচটা অনেক সহজ ছিল, পুরো তিন পয়েন্ট পেলে আমরা ভালভাবে শিরোপা লড়াইয়ে থাকতাম। প্রথমার্ধের শেষেরদিকে ক্যাজুয়াল হয়ে যাওয়া এবং গোল মিসের মাশুল দিতে হয়েছে আমাদের।" শুরুতে ব্রাদার্স গোল বের করেও প্রথমার্ধ শেষের একটুখানি ভুলেই গোল হজম করে ৩ পয়েন্ট জলাঞ্জলী দিয়েছে। শুরু থেকে আরামবাগের ওপর চড়াও হয়ে ২৫ মিনিটের মাথায় তারা গোল আদায় নেয়। বাঁদিক থেকে রেজাউল করিম লিটনের কর্ণারটি হেনরি প্লেসিং করে দিয়ে এগিয়ে নেন ব্রাদার্সকে। মিনিট পাঁচেক পরে মতিউর মুন্নার শট পোস্টে লেগে না ফিরলে তখনই ব্যবধান দ্বিগুন হয়ে যায়। ব্যবধান না বাড়লেও বল ছিল ব্রাদার্সের খেলোয়াড়দের পায়ে পায়ে। তাই উল্টো স্রোতে কিছু ঘটার সুযোগও ছিল না তেমন। কিন্তু ঘটেছে, প্রথমার্ধের শেষ বাঁশির অপেক্ষায় ব্রাদার্সের খেলোয়াড়রা 'ক্যাজুয়াল' হয়ে যাওয়ার কারণে। হঠাৎ করে আরামবাগের সৈয়দ হোসাইন সুরত এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ঢুকে গোলরক্ষক জিয়াউর রহমানকে বাইরে টেনে এনে বল পৌঁছে দেন জালে। আতিকুর রহমান মিশু গোল লাইনে দাঁড়িয়েও ঠেকাতে পারেননি। ফলে ১-১ গোলের সমতা দিয়েই শেষ হয় প্রথমার্ধ। এরকম প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ব্রাদার্সের ঝড়ো আক্রমণই প্রত্যাশিত। আর স্বাভাবিকভাবে আরামবাগ অনেকটা ডিফেন্সমুখো হবে। হয়েছেও এবং জয় হয়েছে তাদেরই। ব্রাদার্সের বেশিরভাগ আক্রমণ আরামবাগের ডিফেন্সে ধাক্কা খেয়ে ফিরেছে, যে ডিফেন্সের নেতৃত্ব দিয়েছেন মোস্তফা কাবা। দু-তিনটি আক্রমণ ডিফেন্স ভেদ করে ঢুকে গেলেও কোনো অঘটন ঘটেনি। ৫১ মিনিটে জাহিদের পা থেকে দারুন দক্ষতায় বল কেড়ে নিয়েছেন আরামবাগের পিয়ারুজ্জামান পিরু। পরের মিনিটে মতিউর মুন্নার ব্যাকভলি উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ম্যাচের শেষদিকে একই পরিণতি হয়েছে হেনরির হেডটিরও। তাতে করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাদার্সকে। কিন্তু ওই এক পয়েন্টও হাতছাড়া হওয়ার আশংকা জেগেছিল। সবাই মিলে গোলের খোঁজে নামতে গিয়ে ৮৭ মিনিটে আরেকটি গোল প্রায় খেয়ে বসেছিল। কাউন্টার অ্যাটাকে পারভেজ সরকারের বানিয়ে দেওয়া বলটি সৈয়দ রাশেদ তুর্য নষ্ট করেছেন দেরি করে। একেবারে ফাঁকায় বলটি ধরে তিনি যেন অপেক্ষা করেছেন প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য। আরামবাগ অঘটন ঘটাতে পারেনি, তবে প্রথম লেগের পুনরাবৃত্তি ঘটিয়েছে। সেবার দু' গোল খেয়ে দুগোল শোধ করেছিল। এবার শোধ করেছে এক গোল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১০ঘ.