ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- নতুন বছরে নতুন কী উপহার দেওয়া যায়, তা বুঝতে এবং জানতে বাংলাদেশে এসেছেন এএফসি সহ-সভাপতি মনিলাল ফার্নান্দো। রোববার বাংলাদেশের জন্য তিন হাজার ফুটবল উপহার নিয়ে এসেছেন তিনি।
রোববার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ফুটবলগুলো তুলে দিয়েছেন মনিলাল ফার্নান্দো। গ্রামেগঞ্জে নিয়মিত ফুটবল-চর্চা হয় এমন স্কুলগুলোর মধ্যে বলগুলো বিতরণ করবে বাফুফে। তবে এই এএফসি কর্মকর্তার ঢাকা আসার মূল উদ্দেশ্য বাংলাদেশের ফুটবলকে সহযোগিতা দেওয়ার নতুন ক্ষেত্র খোঁজা। তিনি বলেছেন, "বাফুফের কর্মকান্ডে আমরা সন্তুষ্ট। তাদের ২০০৯ সালের পরিকল্পনা দেখতে আমি এসেছি। তাদের লক্ষ্যে পৌঁছাতে আমরা কীভাবে সাহায্য করতে পারি সেটা ঠিক করাই হচ্ছে আমার সফরের মূল উদ্দেশ্য।"
এএফসির বাইরে মনিলালের আরেকটা বড় হচ্ছে তিনি ফিফা গোল প্রোজক্টের দক্ষিণ এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট অফিসার। এই প্রোজেক্টের আওতায় বাংলাদেশে বসবে অ্যাস্ট্রোটার্ফ। গত বছর বাফুফে ভবন সংলগ্ন বালুর মাঠে এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মাম টার্ফের ভিত্তি প্রস্তর করে গেলেও তার কাজ শুরু হয়নি এখনো। তাতে ফিফা দিচ্ছে ৪ লাখ ডলার। কিন্ত পুরো কাজ সম্পন্ন হতে লাগবে ৫ লাখ ডলার। বাড়তি অর্থের ব্যাপারে মনিলাল বলেছেন, "সালাউদ্দিনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা (বাফুফে) নিজেরা বাড়তি অর্থ যোগাড় করবে। আমি আশা করছি আগামী মার্চে কাজ শুরু হয়ে যাবে এবং তিন-চার মাসের মধ্যে শেষ হয়ে যাবে।" এছাড়া গোল প্রোজেক্টের আওতায় বরিশালে ফুটবল সেন্টার তৈরির জন্যও টাকা দিচ্ছে ফিফা। আগামী ফেব্র"য়ারি তার টেন্ডার হয়ে যাবে বলে আশা করছেন মনিলাল।
এসবের পর ফিফা তৃতীয় গোল প্রোজেক্ট দিয়েও বাংলাদেশকে সাহায্য করবে। এ ব্যাপারে মনিলাল বলেছেন, "বাফুফের সঙ্গে আমরা আরো আলোচনা করবো। আমাদের কাছ থেকে তারা কী চায়, তার ওপরই নির্ভর করছে আমাদের সহযোগিতা। আমরা চাইবো বাংলাদেশের ফুটবল সফল হোক।"
বাফুফে সভাপতি অবশ্য এখনো তাদের চাওয়া ঠিক করেননি। তিনি বলেছেন, "আসলে আমাদের দরকার ফুটবল একাডেমি, ট্রেনিং মাঠ এবং অন্যান্য ট্রেনিং ফ্যাসিলিটি। আমাদের কোনো বিল্ডিংয়ের প্রয়োজন নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৪৫ঘ.
bdnews24