ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আগেরবার তবুও একটু লড়াই করেছিল। এবার সেই সুযোগও পায়নি খুলনা আবাহনী। ঢাকা আবাহনী যেভাবে গোলের মিছিল শুরু করেছিল তাতে প্রতিপক্ষের প্রত্যেকের জন্য মাথাপিছু একটি করে গোল হলেও অবাক হওয়ার কিছু ছিল না। সুযোগের ব্যবহারের পাশাপাশি ব্যর্থতার মিছিল সমানতালে চলায় ঢাকা আবাহনী জিতেছে ৬-০ গোলে। জাহিদ হাসান এমিলির হ্যাটট্রিকে ভাস্বর এই জয়ের সুবাদে তারা ১৩ খেলায় ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।
প্রথম লেগে খুলনা আবাহনীর বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল ঢাকা আবাহনী। তবে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছিল দ্বিতীয়ার্ধ পর্যন্ত। বুধবার প্রথম ১০ মিনিটেই হতে পারত দু'গোল। দুর্দান্ত দুটো সুযোগ নষ্ট করার পরও বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি তাদের। মিনিট দুয়েক পরেই এমেকার থ্রু-পাসে হা হয়ে যায় খুলনা আবাহনীর গোলমুখ। তারপর এমিলি এক ডিফেন্ডার ও গোলরক্ষক সাইফুল্লাহকে বোকা বানিয়ে প্লেস করে প্রথম গোল করেন। ৩১ মিনিটে করেন দ্বিতীয় গোল। এবার বাঁদিক থেকে পাঠানো মামুনের মাইনাসে তিনি পা ছুঁইয়েছেন কেবল। তবে হ্যাটট্রিক পূরণের গোলটিতে দেখিয়েছেন অনবদ্য স্ট্রাইকিং কারিশমা। ইব্রাহিমের থ্রু পাসটি আয়ত্তে নিয়ে তিনি দুই মার্কারের মাঝ থেকে দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে দেন। এখানেই শেষ নয়, দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ইব্রাহিমের মাইনাসে টোকা দিয়ে চতুর্থ গোল করে এই তরুণ স্ট্রাইকার ১০ গোল নিয়ে উঠে গেছেন সর্বোচ্চ গোলদাতার আসনে। তবে একা নয়, একই ম্যাচে দু'গোল করে সতীর্থ এমেকাও একই আসনে।
তার দুগোলে কারিগরের ভূমিকা নিয়েছেন এমিলি। ৪৭ মিনিটে বাঁদিক থেকে এমিলির মাইনাসের ওপর দুরন্ত গতির শটে গোল করেন এমেকা। ৫৩ মিনিটে এমেকার সঙ্গে ওয়ান-টু খেলে নিজের দ্বিতীয় গোল করার পর আবাহনীর এই বিদেশী স্ট্রাইকারকে পেয়ে বসে হ্যাটট্রিকের নেশায়। দু-দুবার সুযোগ নষ্ট করার পর তাকে হ্যাটট্রিকের স্বপ্ন বাদ দিয়ে কোচের ডাকে মাঠ ছাড়তে হয়।
আবাহনী কোচ অমলেশ সেনের তখন এই ম্যাচের ফল নিয়ে তেমন আগ্রহ নেই। বরং অন্যদেরও মাঠে নামিয়ে পরখ করেছেন আগামী ম্যাচগুলোর জন্য। সামনেও তিনি সবার কাছ থেকে এরকম পারফরম্যান্স প্রত্যাশা করেছেন। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মিলবে কিনা বলা মুশকিল। কারণ খুলনা আবাহনীর (১৩ ম্যাচে ৩ পয়েন্ট) অবস্থান এখন সবার নীচে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪৫ঘ.
bdnews24