২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার আগে খেলোয়াড়দের মন জয় করতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

আহাদ আলী সরকার ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়াতে ক্রীড়াঙ্গন যেমন চমকেছে তেমনি নিজেও বোধহয় কম চমকাননি। সরাসরি সেটা স্বীকার না করলেও মেনে নিলেন,''আসলে এ ক্ষেত্রে আমার অভিজ্ঞতা খুব সামান্য। কিন্তু আমি মনে করি সদিচ্ছা থাকলে যে কোনো কাজেই সফল হওয়া সম্ভব।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 12:02 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, ৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আহাদ আলী সরকার ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়াতে ক্রীড়াঙ্গন যেমন চমকেছে তেমনি নিজেও বোধহয় কম চমকাননি। সরাসরি সেটা স্বীকার না করলেও মেনে নিলেন,''আসলে এ ক্ষেত্রে আমার অভিজ্ঞতা খুব সামান্য। কিন্তু আমি মনে করি সদিচ্ছা থাকলে যে কোনো কাজেই সফল হওয়া সম্ভব।'' দিনবদলের স্লোগান নিয়ে এসেছে এই সরকার। ক্রীড়াঙ্গনেও কি তার সেরকম বদলই তার লক্ষ্য? নাটোর থেকে নির্বাচিত সাংসদ আহাদ আলী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন তার প্রথম লক্ষ্যটা হলো, ''আমার প্রথম লক্ষ্য হলো খেলোয়াড়দের মন জয় করা। সেটাই করতে চাইব আমি।'' আর তারপর এমন কিছু করতে চান যাতে ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ গৌরবের আসনে বসতে পারে, ''আমরা সব ক্ষেত্রেই ভালো কিছু করতে চাই। ক্রীড়াঙ্গনেই সেরকম কিছু করাই লক্ষ্য। আমার জন্য এটা একটা বড় দায়িত্ব। আমি এই দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা চাই।'' ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে তার নিয়োগটা যেমন চমক, তেমনি একটা কাকতালীয় ব্যাপারও আছে। জোট সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলও ছিলেন নাটোরের সাংসদ। এবং তিনিও তখন ক্রীড়াঙ্গনে একেবারেই নতুন ছিলেন। আহাদ আলী সরকার অবশ্য সেসব বিষয়ে না গিয়ে নিজেদের পরিকল্পনাটার কথাই ভাবতে চান বেশি করে। আর স্বীকার করে নিচ্ছেন যে এজন্য তার সময় লাগবে, ''আমি যেহেতু এই অঙ্গনে নতুন কাজেই আমার বুঝতে একটু সময় লাগবে। যারা জানে তাদের হয়ত জিনিসটা বুঝতে দুইদিন লাগবে, আমার লাগবে তিনদিন! কিন্তু দায়িত্ব যথাযথভাবে পালনের ব্যাপারে আমি পুরোপুরি আত্মবিশ্বাসী।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮০৫ঘ.