২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি হ্যাটট্রিক করে উড়িয়ে দিলেন অ্যাটলেটিকোকে

বড়দিনের বিরতিশেষে মাঠে নেমেই আবারো সবার মন জয় করে নিলেন লিওনেল মেসি। মঙ্গলবার তার দুর্দান্ত এক হ্যাটট্রিকে স্প্যানিশ কিংস কাপে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। পঞ্চম রাউন্ডের প্রথম লেগের যে জয় দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শীর্ষে থাকা দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 11:38 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

মাদ্রিদ, ৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড়দিনের বিরতিশেষে মাঠে নেমেই আবারো সবার মন জয় করে নিলেন লিওনেল মেসি। মঙ্গলবার তার দুর্দান্ত এক হ্যাটট্রিকে স্প্যানিশ কিংস কাপে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। পঞ্চম রাউন্ডের প্রথম লেগের যে জয় দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শীর্ষে থাকা দলটি। স্যামুয়েল এ'তো ও জাভির মতো দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে অ্যাটলেটিকোর মাঠ ভিসেন্তে ক্যালদেরনে নেমেছিল 'বার্সা'। কিন্তু দলকে জাভি-এ'তোর অভাব বুঝতেই দেননি মেসি। ১২ মিনিটেই দলকে এগিয়ে দিয়েছেন তিনি। তার সঙ্গেই ওয়ান-টু খেলে বক্সের মধ্যে ঢুকে পড়া ড্যানিয়েল অ্যালভেসের চতুর এক ব্যাকহিল ধরে মেসি নিচু শটে বোকা বানিয়েছেন অ্যাটলেটিকোর ফরাসী গোলরক্ষক গ্রেগরি কুপেকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই দশ জনের দলে পরিণত হয়েছে স্বাগতিকরা। এবং সেখানেও মেসির অবদান। অ্যালভেসের ক্রস ধরতে উদ্যত আর্জেন্টাইন তারকাকে বক্সের মধ্যে ফেলে দেন জন হেইটিঙ্গা। তা থেকেই হেইটিঙ্গার লালকার্ড আর বার্সেলোনার পেনাল্টি প্রাপ্তি। মিনিট দশেক বাদে বদলি টমাস উজফালুসি অবশ্য একটা গোল ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু ৮০ মিনিটে কুপেকে বোকা বানিয়ে হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি ম্যাচের সব উত্তেজনার সমাপ্তিরও রূপকার মেসি। তার কিছুক্ষণ পর মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় অ্যাটলেটিকোর সমর্থকরাও দাঁড়িয়ে, করতালি দিয়ে সম্মান জানিয়েছে তাকে। শুধু দর্শকরা নয়, ম্যাচশেষে দু দলের কোচের মুখেও শুধুই মেসি-বন্দনা। সেই সঙ্গে বার্সেলোনা কোচ পেপ গার্ডিওলার কণ্ঠে ফুটে উঠেছে তৃপ্তির অনুভূতি, "আজ (মঙ্গলবার) রাতে খেলোয়াড়দের (ভালো খেলার) প্রচেষ্টা দেখে আমি খুবই তৃপ্ত। আজকের ম্যাচে মেসি ছিল দুর্দান্ত।" অন্যদিকে অ্যাটলেটিকোর কোচ হাভিয়ের অ্যাগুইরের প্রশস্তি, "সে (মেসি) অসাধারণ খেলছে। সেই সঙ্গে সে দারুণ আত্মবিশ্বাসীও। আর সেটাই তার দলের জন্য ইতিবাচক ভূমিকা পালন করছে।" ১৪ জানুয়ারি ফিরতি লেগে মুখোমুখি হবে দু দল। ম্যাচটা হবে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৩৫ঘ.