২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মুক্তিযোদ্ধাকে ৫ গোল দিল মোহামেডান

প্রথম লেগের মতোই মুক্তিযোদ্ধাকে নিয়ে ছেলেখেলা করেছে ঢাকা মোহামেডান। ম্যাচের প্রথম মিনিট থেকে গোল-উৎসব শুরু করে বুকোলার হ্যাটট্রিকে তারা জিতেছে ৫-০ গোলে। এই জয়ে ১২ খেলায় তাদের ২৫ পয়েন্ট নিয়ে মোহামেডান যুগ্মভাবে দ্বিতীয়স্থানে অবস্থান করছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ঢাকা আবাহনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- প্রথম লেগের মতোই মুক্তিযোদ্ধাকে নিয়ে ছেলেখেলা করেছে ঢাকা মোহামেডান। ম্যাচের প্রথম মিনিট থেকে গোল-উৎসব শুরু করে বুকোলার হ্যাটট্রিকে তারা জিতেছে ৫-০ গোলে। এই জয়ে ১২ খেলায় তাদের ২৫ পয়েন্ট নিয়ে মোহামেডান যুগ্মভাবে দ্বিতীয়স্থানে অবস্থান করছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ঢাকা আবাহনী। সিটিসেল বি. লিগের প্রথম লেগে মুক্তিযোদ্ধাকে ৭-০ গোলে হারিয়েছিল মোহামেডান। সোমবার নতুন লড়াই হলেও তা হয়ে গেছে আগের ম্যাচের পুনঃ দৃশ্যায়ন। কিক-অফ থেকে বলটা নিয়ে আরমান আজিজ মুক্তিযোদ্ধার ডিফেন্সে হানা দিতেই গোল ! বুকোলা মাটিতে পড়ে গিয়ে ব্যাকভলিতে করেছেন প্রথম গোল। ৬ মিনিটে নাসিরের বানিয়ে দেওয়া বলে নীচু শটে তিনি করেছেন দ্বিতীয় গোল। এবং কোনো রকমের প্রতিরোধ ছাড়াই ৩০ মিনিটে লিগে নিজের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন এই নাইজেরিয়ান। মুক্তিযোদ্ধার ডিফেন্ডাররা চেয়ে চেয়ে দেখলেন তাদের গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বলটি তিনি কীভাবে পোস্টে জমা করে দিলেন। এই হ্যাটট্রিকের সুবাদে ৯ গোল নিয়ে বুকোলা এখন সর্বোচ্চ গোলদাতা। লিগের শেষপর্যন্ত তিনি এই ফর্ম ধরে রাখতে চান, "লিগের শেষপর্যন্ত আমি এভাবে খেলতে চাই এবং গোলদাতার তালিকায় শীর্ষে থাকতে চাই।" এছাড়া মাঝে ছন্দ হারিয়ে ফেলা মোহামেডানের খেলায় গতি ফিরেছে বলেও দাবি করেছেন। এই নাইজেরিয়ান স্ট্রাইকারের হ্যাটট্রিক পূরণের গোলটা দলের চতুর্থ গোল। তার আগে খেলার বয়স ১২ মিনিট হতেই একেবারে ছিটকে পড়েছেন আব্দুল বাতেন কমলের গোলে। প্রথমার্ধে মুক্তিযোদ্ধা চার গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে আর খেলার কোনো রস অবশিষ্ট থাকে না। তারপরও তারা পেয়েছে পঞ্চম গোল। ৬৩ মিনিটে নাসিরের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেছেন কমল। মুক্তিযোদ্ধার সম্ভাবনা জেগেছিল একবার ৭০ মিনিটে। তাজুল খানের থ্রু ধরে মুক্তিযোদ্ধা অধিনায়ক টিটু মোহামেডান গোলরক্ষক আমিনুলকে পরাস্ত করেও মেরেছেন বাইরে। এই হারে তারা ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় দশম স্থানে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.