ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- স্বাধীনতার ৩৭ বছর পর স্বাধীন বাংলা ফুটবল দলকে নিয়ে বিশেষ আয়োজনে মেতেছে ফুটবল ফেডারেশন। রোববারের 'নাম ফলক উন্মোচন ও সংবর্ধনার' আয়োজক কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটি। এটা বোধহয় তার জন্য যুগপৎ আনন্দ ও কষ্টের অনুভূতি।
আনন্দটা গোপন করেননি। শনিবার সংবাদ সম্মেলনে সালাউদ্দিন নিজের আনন্দ-অনুভূতির প্রকাশ করেছেন এভাবে, "আমার জন্য খুশির দিন আজ। কারণ ফেডারেশনের সভাপতি হয়ে আমি এই কাজটা (সংবর্ধনা) করতে পারছি। আরেকটা হচ্ছে, স্বাধীন বাংলা দলের সদস্য হয়ে এখানে বসে সেসব দিনের কথা বলতে পারছি।"
কিন্তু কষ্টের দিকটা লালন করছেন তিনি গোপনে। আনুষ্ঠানিকভাবে বলেন শুধু 'বিব্রত' হওয়ার কথা। এর একটা কারণ বাফুফে সভাপতি নিজে স্বাধীন বাংলা দলের সদস্য এবং আয়োজনটা করতে হচ্ছে তাকে। দীর্ঘ ৩৭ বছরে ফেডারেশনে অন্যরা থাকলেও কেউ ঐতিহাসিক ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেননি। তাহলে ব্যাপারটা দাঁড়িয়েছে, কাজী সালাউদ্দিন ফেডারেশনের সভাপতি না হলে হয়তো নাম ফলক উন্মোচন ও সংবর্ধনা দেওয়ার কাজটা হতোই না।
অথচ এই অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম বাচ্চু'র লম্বা ক্যারিয়ার বাফুফেতে। আগে কখনো এরকম অনুষ্ঠানের প্রয়োজনবোধ না করলেও শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, "এটা আমাদের জন্য এক গুরু দায়িত্ব, ৩৭ বছর পর এমন এক উৎসব হতে যাচ্ছে।" যে উৎসবে যোগ দেবেন বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া স্বাধীন বাংলা দলের ৩৬ জন সদস্য। এই কৃতী সন্তানরা যেন আর হারিয়ে না যান, ফুটবলের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখতেই তাদের নামাঙ্কিত পাথরখন্ডটি থাকবে ফেডারেশনে ঢোকার মুখে। রোববার বিকাল পৌনে ৫ টায় আনুষ্ঠানিকভাবে নাম ফলক উন্মোচন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। তার পর বাফুফে ভবন সংলগ্ন বালুর মাঠে শুরু হবে স্বাধীন বাংলা দলের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান। তাদের হাতে ক্রেস্ট এবং কৃতজ্ঞতা সূচক স্মারকপত্র তুলে দিয়ে ফেডারেশন ঋণ শোধ করার চেষ্টা করবে। পরে স্পন্দন শিল্পগোষ্ঠী ও এলআরবি'র অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠান দিয়েই শেষ হবে এই অনুষ্ঠান।
দলের সদস্যদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বাফুফের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বলে দাবি করেছেন সিরাজুল ইসলাম বাচ্চু। দলের পাঁচ সদস্য ইতিমধ্যে মারা গেছেন। তারা হলেন ননী বসাক, আলী ইমাম, শেখ মনসুর আলী, মনিরুজ্জামান পেয়ারা ও মাহমুদুর রশিদ, তাদের পরিবারের লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে পশ্বিমবঙ্গের কৃষ্ণনগরের সাবেক জেলা প্রশাসক দীপক ঘোষের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসতে পারছেন না বলে জানিয়েছেন। ১৯৭১ সালের জুলাইয়ে কৃষ্ণনগরে প্রথম বাংলাদেশের পতাকা তোলার অনুমতি দেওয়ার জন্য সাবেক এই জেলা প্রশাসককে সাসপেন্ড করা হয়েছিল তখন। সেসব দিনের কথা মনে পড়লে গর্বে বুক ফুলে উঠে সালাউদ্দিনের, "আমি ভাগ্যবান যে তখন আমার বয়সটা যুদ্ধে যাওয়ার মতো ছিল। এটা স্রেফ আমার কপালের ভাগ্য। হয়তো বয়স কম ছিল বলে সালাম-বাদলরা এই সৌভাগ্যের ভাগীদার হতে পারেনি।"
ম্যানেজার : তানভীর মাজহার তান্না, কোচ : ননী বসাক, খেলোয়াড় : জাকারিয়া পিন্টু (অধিনায়ক), প্রতাপ শংকর হাজরা, আলী ইমাম, মোহাম্মদ কায়কোবাদ, অমলেশ সেন, আইনুল হক, শেখ আশরাফ আলী, বিমল কর, শাহজাহান আলম, মনসুর আলী লালু, কাজী সালাউদ্দিন, এনায়েতুর রহমান, কে এন নেওশেরুজ্জামান, সুভাষ সাহা, ফজলে হোসাইন খোকন, আবুল হাকিম, তসলিম উদ্দিন শেখ, আমিনুল ইসলাম, আব্দুল মমিন জোয়ারদার, মনিরুজ্জামান পেয়ারা, সাত্তার, প্রাণগোবিন্দ কুন্ড, মুজিবর রহমান, মেজর জেনারেল খন্দকার নুরুন্নবী (অব.) লুৎফর রহমান, অনিরুদ্ধ চ্যাটার্জি, সনজিত কুমার দে, মাহমুদুর রশিদ, সাইদুর রহমান প্যাটেল, দেওয়ান মোহাম্মদ সিরাজ উদ্দিন, নিহার কান্তি দাস, মোজাম্মেল হক, আব্দুল খালেক ও বীরেন দাস (বীরু)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি
bdnews24