ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- শেষের দিকে কালু জনসনের দুই গোলে ফরাশগঞ্জ ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। এই জয়ে তারা ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অষ্টমস্থান থেকে উঠে এসেছে ষষ্ঠস্থানে। এক ম্যাচ কম খেলে রহমতগঞ্জের সংগ্রহ ১৪ পয়েন্ট।
প্রথম লেগে ফরাশগঞ্জ জিতেছিল এনামুলের দুই গোলে। এবার জিতিয়েছেন কালু জনসন, গোল করে এবং করিয়ে। ১৬ মিনিটে প্রথম এগিয়ে যাওয়া গোলটি তার পরোক্ষ অবদানের ফসল। রহমতগঞ্জের বিপদসীমায় এই আফ্রিকানকে ফাউল করে ডিফেন্ডার শিপন পেনাল্টি উপহার দেন। পেনাল্টি শটে গোল করেন ফরাশগঞ্জ অধিনায়ক কবির।
পিছিয়ে পড়া রহমতগঞ্জ ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু ফরাশগঞ্জও ছাড় দেয়নি, গোলপোস্ট সুরক্ষিত রেখে তারা মাঝমাঠেই খেলতে থাকে। এই করে ম্যাচের শেষ প্রান্তে পৌঁছেও তারা বিপদে পড়ে যায় গোল খেয়ে। ৮৬ মিনিটে গোলটি করেন রহমতগঞ্জের ইদ্রিস। কিন্তু এই গোল হয়ে যায় ফরাশগঞ্জের ম্যাচ জয়ের জ্বালানী। শেষ তিন মিনিটে কালু জনসন দুই গোল করে ম্যাচ জেতান। ৮৮ মিনিটে একক নৈপুণ্যে ভাস্বর গোলটির পরের মিনিটে তিনি দ্বিতীয় গোলটি করেছেন রহমতগঞ্জের গোলরক্ষক মোহাম্মদ আলীর ভুলের সুযোগ নিয়ে। শেষ ৪ মিনিটের এই ৩ গোলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২২০ঘ.
bdnews24