২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সরকারের সহায়তায় নতুন স্বপ্ন সার্থক করতে চান সালাউদ্দিন

নতুন সরকারের পদধ্বনি শুনে নতুনভাবে জেগে উঠেছে 'সর্বদলীয়' বাংলাদেশ ফুটবল ফেডারেশন! তাদের হাতেই সদ্য সচল হওয়া ফেডারেশন স্বপ্নের পথে উত্তরণের জন্য ফুটবলের বন্ধু হিসেবে পেতে চায় মহাজোটের সরকারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- নতুন সরকারের পদধ্বনি শুনে নতুনভাবে জেগে উঠেছে 'সর্বদলীয়' বাংলাদেশ ফুটবল ফেডারেশন! তাদের হাতেই সদ্য সচল হওয়া ফেডারেশন স্বপ্নের পথে উত্তরণের জন্য ফুটবলের বন্ধু হিসেবে পেতে চায় মহাজোটের সরকারকে। গত বছর সুলতানী আমলের পতনের পর একেবারে নতুন চরিত্র নিয়ে হাজির হয়েছে বাফুফে। যার কমিটিতে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের গন্ধ পাওয়া যাবে না। তাই আগের মতো দুর্গন্ধও ছড়ায়নি, বরং বিভিন্ন মতাদর্শের লোকের সমারোহে ফুটবলীয় সৌরভই নাকে লাগছে খানিকটা। তা অবশ্য সভাপতি শাসিত বাফুফের নতুন কাঠামোরই অবদান। যে কারণে অন্যরা চাইলেও পারছেন না পুরোদস্তুর ফুটবল-মনস্ক সভাপতি কাজী সালাউদ্দিনকে বিপথে চালিত করতে। সম্পূর্ণ নিজের কারিশমা দিয়ে বিশাল অংকের স্পন্সর যোগাড়ের পর সভাপতি নতুন সরকারের অপেক্ষায় ছিলেন। কিছু কিছু ব্যাপার আছে যেসবে সরকার না থাকলে নাকি এগোয় না। যেমন এগোয়নি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে সচল করার প্রক্রিয়া। কাজী সালাউদ্দিন বলেছেন, "আমি নির্বাচিত সরকার এবং নতুন বছরের অপেক্ষায় ছিলাম। জেলায় ফুটবল সচল করতে এবং নানা বিষয়ে আমার সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। এসব বিষয় আমি লিখিতভাবে জানাতে চাই নতুন সরকারকে। এরকম একটা রিপোর্ট প্রায় তৈরি হয়ে গেছে।" ক্ষমতা নেওয়ার পরই বাফুফে সভাপতির আমলাতান্ত্রিক জটিলতার অভিজ্ঞতা হয়েছে। সরকারি সাহায্যের পরিবর্তে মুখোমুখি হয়েছেন নানা সমস্যার। তাই নতুন সরকারের কাছে তিনি খোলাখুলিই আবেদন করছেন, "ফুটবলের উন্নয়নের জন্য টাকার প্রয়োজন। আমি বিল্ডিং বানাবো না, বিশেষ করে দেশব্যাপী ট্রেনিং প্রোগ্রাম চালানো এবং এজন্য কোচিং স্টাফ বাড়াতে গেলে অনেক টাকার দরকার। আমার কাছে প্ল্যান-প্রোগ্রাম সব আছে, কিন্তু অর্থাভাবের কারণে অনেক কিছু করা যাচ্ছে না।" সিটিসেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে ফুটবলটা মাঠে গড়ানোর ব্যবস্থা করেছেন। এ দিয়ে ঢাকার ফুটবলের গতি হয়েছে। পুরো দেশের ফুটবলের প্রগতির কথা ভাবতে গেলে সরকার ছাড়া হবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, বিগত জোট সরকারের আমলে নিদারুন উপেক্ষার শিকার হয়েছে ফুটবল। নিজেদের দলের লোক ফেডারেশনে থাকার পরও! বর্তমান বাফুফে সভাপতির গায়ে অবশ্য কোনো দলের ছাপ নেই। সেদিক থেকে দুর্ভাগা হলেও নিজের আবাহনীময় ফুটবল ক্যারিয়ারের সুবাদে কাজী সালাউদ্দিনের দারুন সখ্যতা মহাজোট নেত্রী শেখ হাসিনার সঙ্গে। যা অনায়েসেই তাকে পৌঁছে দিতে পারে ভাবি প্রধানমন্ত্রীর কাছে, সুযোগটা তিনিও হাতছাড়া করবেন না, "আমি অবশ্যই নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো। উনার কাছে ফুটবলের জন্য ভিক্ষা চাইবো। আশা করি ভিক্ষা উনি দেবেন।" তার আশার বড় একটা কারণ হতে পারে আওয়ামীলীগের ক্রীড়াবন্ধব মনোভাব। সেই '৯৬ সালে তারা প্রথমবারের মতো সরকার গঠন করেছিল এবং তাদের আমলে ক্রিকেটের স্বর্ণযুগের সূচনা হয়েছিল। সেই সরকারের আগমনী ধ্বনি শুনে এবার স্বপ্ন দেখছে ফুটবল। কাজী সালাউদ্দিনের বিশ্বাস, "এই সরকার ফুটবলের বন্ধু হবে। আমি খুবই আশাবাদী, ফুটবলের অগ্রযাত্রায় তারা আন্তরিকভাবে শরীক হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২০৩০ঘ.