ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আরিফ খান জয় অবশেষে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন মারদেকা কাপে নিজের অপারগতার কথা। পাশাপাশি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিও মনে করে সদ্য ইনজুরি কাটিয়ে ওঠা এই মিডফিল্ডার এখন আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো অবস্থায় নেই।
জয় সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে হাজির হয়ে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি মারদেকা কাপের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন না। ৩০ জনের প্রাথমিক ক্যাম্পে ডাক পেলেও তিনি অংশ নেননি। কারণ হিসেবে তিনি এক আত্মীয়ের মৃত্যু এবং পরবর্তী ব্যস্ততার কথা চিঠিতে উল্লেখ করেছেন। মোবাইল হারিয়ে যাওয়ায় বিষয়টি আগে বাফুফেকে জানাতে না পারার কথাও উল্লেখ করেছেন। তবে চিঠিতে এড়িয়ে গেছেন কুঁচকির ইনজুরির কথা। যে কারণে ক্লাব দল আবাহনীতেও তিনি অনিয়মিত হয়ে পড়েছেন।
তবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেছেন, "জয় এখন ইনজুরিমুক্ত হলেও জাতীয় দলে খেলার মতো ফিট নয়। তাই এই টুর্নামেন্ট থেকে সে নিজেকে সরিয়ে নিয়েছে।" আবার এই মিডফিল্ডারের অবসরে চলে যাওয়ার খবরও শোনা যাচ্ছে। যদিও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিকে দেওয়া চিঠিতে তিনি অবসর নিয়ে একবর্ণও লেখেননি। সোমবার অবশ্য বাফুফেতে এসে তিনি বলেছেন, "শীঘ্রই অবসর নিয়ে নেবো।" এরকম কথা তিনি আগেও বলেছেন; কয়েকবার রীতিমতো অবসরের ঘোষণা দিয়ে আবার জাতীয় দলে ফেরার ঘটনাও তার আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪০ঘ.
bdnews24