রোম/মাদ্রিদ/লন্ডন, ২৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইদানিং সময়টা মোটেও ভালো যাচ্ছিল না রোনালদিনিয়োর। এসি মিলানের আগের দুটো ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি, আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটো ম্যাচের জন্যও তার ওপরে আস্থা রাখতে পারেননি ব্রাজিলের কোচ ডুঙ্গা। সব অবহেলা, সব বঞ্চনার জবাবই যেন তার দুর্দান্ত এক হেড! যে হেডে ইতালিয়ান সিরি 'আ'র সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ইন্টার মিলান ভূপতিত। রোববার মিলান 'ডার্বি'তে রোনালদিনিয়োর ঐ হেড হওয়া লক্ষ্যভেদেই ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টারকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে এসি মিলান। ইন্টারের কোচ হিসাবে যেটা আবার হোসে মরিনহোর প্রথম পরাজয়।
মরিনহোর দলের দুঃখের দিনে তোরিনোকে ৩-১ গোলে হারিয়ে সিরি 'আ'র শীর্ষে উঠেছে লাৎসিও। জিতেছে বর্তমান রানার্সআপ এএস রোমাও। আটালান্টার সঙ্গে তাদের জয়ের ব্যবধান ২-০। স্পেনে পিছিয়ে পড়েও দেপোর্তিভো লা করুনাকে ৪-২ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। যে জয়ের সুবাদে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় তারাই এখন সবার ওপরে। স্প্যানিশ লিগের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে সেভিয়া একমাত্র গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। দুবাইয়ের ধনকুবের সুলাইমান আল-ফাহিম কিনে নিয়েই রবিনিয়োকে দলে ভিড়িয়ে ফুটবল দুনিয়ায় আলোড়ন তুললেও তাদের সময়টা তেমন ভালো যাচ্ছে না। কয়েক দিন আগে ইংলিশ লিগ কাপ থেকে বিদায় নেয়া ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে উইগান অ্যাথলেটিক।
এত সব ম্যাচের ভীড়ে রোববার রাতে ইওরোপের ফুটবলাঙ্গনের সবচেয়ে রোমাঞ্চকর আর উত্তেজনাপূর্ণ লড়াই ছিল নিঃসন্দেহে মিলান 'ডার্বি'। প্রথম দুই ম্যাচ হেরে জঘন্যভাবে এ মৌসুমের সিরি 'এ' শুরু করা এসি মিলানের জন্য যে ম্যাচটা ছিল অনেক সমালোচনার জবাব দেয়ার উপলক্ষ। সানসিরোতে সেটা তারা ভালো ভাবেই দিয়েছে। সমালোচকদের মুখ বন্ধ করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন খারাপ ফর্মের জন্য চাপের মধ্যে থাকা রোনালদিনিয়োই। ৩৭ মিনিটে কাকার ক্রস থেকে দারুণ এক হেড করে দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের লক্ষ্যভেদ গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য।
প্রথমার্ধে মিলান অবশ্য আরো গোল পেতে পারতো। কিন্তু প্রথমার্ধের মাঝামাঝি রোনালদিনিয়োরই জোরালো শট দুর্দান্তভাবে সেভ করে ইন্টারকে বাঁচিয়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক জুলিও সিজার। বিরতির আগে মিলানের একটি পেনাল্টির আবেদনও খারিজ হয়ে গেছে। বক্সের মধ্যে কাকাকে ফেলে দিলেও রেফারি পেনাল্টির আবেদনে সাড়া দেননি।
বিরতির পরও মিলানের আক্রমণের তীব্রতাই ছিল বেশি। কিন্তু আর গোলের দেখা তারা পায়নি। মরিনহোও অবশ্য চুপ করে বসে থাকেননি। ম্যাচে ফেরার আশায় ব্রাজিল ও আর্জেন্টিনার স্ট্রাইকার আদ্রিয়ানো ও হুলিও ক্রুজকে নামিয়েছেন তিনি। কিন্তু ইন্টার কোচকে হতাশ করে গোলটা শোধ করতে পারেনি তার দল। উল্টো ৭৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ইতালিয়ান চ্যাম্পিয়নদের দশ জনে পরিণত করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস বুর্দিসো।
বুর্দিসো বেরিয়ে যাওয়ার পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সামনেই একাধিক গোলের সুযোগ এসেছে। কিন্তু কোনো দলই সেগুলো কাজে লাগাতে পারেনি। যার মধ্যে ইনজুরি সময়ে আদ্রিয়ানোর মিসটা ছিল অমার্জনীয়। সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থেকেও তার হেড পোস্টের বাইরে দিয়ে চলে যাওয়ায় পরাজয় মেনে নিতে হয়েছে ইন্টারকে। সাইডবেঞ্চে বসে রেফারিকে গালি দেয়ার অপরাধে মার্কো মাতেরাজ্জির লালকার্ড দেখাও তাদের কম যন্ত্রণা দেয়নি।
সিরি 'এ'তে প্রথম দুই ম্যাচে হেরে গেলেও মিলানের এটা টানা তৃতীয় জয়। ১৮ সেপ্টেম্বর উয়েফা কাপেও তারা এফসি জুরিখকে ৩-১ গোলে হারিয়েছিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জয়টাই সবচেয়ে বেশি তৃপ্তি দিচ্ছে কার্লো অ্যানচেলত্তিকে। এবং মিলান কোচের বিশ্বাস মিলান 'ডার্বি' জিতে দুঃসময়কে পেছনে ফেলে দিতে পেরেছে তার দল, "আমি মনে করি আমরা সঙ্কট কাটিয়ে উঠতে পেরেছি। সাধারণত এ ধরনের পরিস্থিতিতে কেউ হয়তো বলতে পারে যে আমরা এখনো কিছুই করতে পারিনি। কিন্তু বাস্তবতা হচ্ছে গত দশ দিনে আমরা সত্যিই খুব ভালো খেলেছি।" কাকাও তার কোচেও সঙ্গে একমত, "হ্যাঁ, আমরা টানা তিন/চারটা ম্যাচ জিতেছি। এটাকে জয়ের পরম্পরা বলাই যায়। যদিও স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়নশিপ এখনো অনেক দূরের পথ।" শিরোপার জন্য আরো অনেক পথ পাড়ি দিতে হলেও রোনালদিনিয়োকে ছন্দে ফিরতে দেখেই বেশি খুশি কাকা। ম্যাচশেষে সাবেক বর্ষসেরা সম্পর্কে বর্তমান বর্ষসেরার বিশ্লেষণেই তা প্রতিধ্বনিত, "তার খেলা দেখে দারুণ লাগছে। সে দলের মধ্যে দারুণ মানসম্মত খেলা এবং অন্যান্য কিছু বিষয়ও নিয়ে এসেছে। যেগুলো আমাদের দলের খুবই দরকার। আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন আবারো এক জন গ্রেট খেলোয়াড় হওয়ার জন্য সে কতটা ক্ষুধার্ত।"
অনেক কিছু পাওয়ার এই জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে আসাও মিলানের জন্য এক বড় প্রাপ্তি। ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। জুভেন্টাসের পয়েন্ট একই হলেও গোলগড়ে এগিয়ে আছে মিলান। আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো জারাতের দুটো এবং গোরান পান্দেভের এক গোলে তোরিনোর মাঠ থেকে জয় নিয়ে ফেরা লাৎসিও ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে। এক পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পরেই নাপোলির অবস্থান। ইন্টার মিলান, উদিনেস ও ক্যাটানিয়ার সংগ্রহ ১০ পয়েন্ট করে।
স্প্যানিশ লিগে দেপোর্তিভোর সঙ্গে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি ভ্যালেন্সিয়া। ডেভিড ভিয়ার দুটো এবং হুয়ান মাতা ও হোয়াকিনের একটি করে গোলের সুবাদে মূল্যবান তিনটি পয়েন্ট ছিনিয়ে নিয়েছে তারা। 'লা লিগা'র পঞ্চম রাউন্ডশেষে ভ্যালেন্সিয়া ও ভিলারিয়াল দু দলেরই সংগ্রহ ১৩ পয়েন্ট। তবে গোলগড়ে এগিয়ে থাকায় ভ্যালেন্সিয়া রয়েছে শীর্ষে। ১২ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই গত বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের অবস্থান। লুই ফ্যাবিয়ানোর গোলে অ্যাটলেটিকোকে হারিয়ে দেয়া সেভিয়ার পয়েন্ট ১১, আর আগের দিন জয় পাওয়া বার্সেলোনার ১০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯১০ঘ.
bdnews24