ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সবার জন্য এক আচরণ বিধি তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শুধু খেলোয়াড় নয়, ফেডারেশন কর্মকর্তা, ক্লাব ও তাদের কর্মকর্তাদেরও এই আচরণ বিধির আওতায় আনা হবে।
আচরণ বিধি নিয়ে কাজ করছেন বি. লিগ ম্যানেজার আবু নাঈম সোহাগ। রোববার তিনি জানিয়েছেন, "আমরা বাফুফে ডিসিপ্লিনারি কোড নামের একটি আচরণ বিধি তৈরি করছি। ফুটবলের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সবার জন্যই প্রযোজ্য হবে এটা। ফিফার আদর্শ ডিসিপ্লিনারি কোডের আলোকে এটা তৈরি করা হচ্ছে।" তার কথা অনুযায়ী এই আচরণ বিধিই বাফুফের ভবিষ্যতে সব ঘটন-অঘটনের ব্যাপারে দিক নিদের্শনা দেবে।
অবশ্য সরকারি আমলা মেজবাহ উদ্দিন আহমেদকে প্রধান করে ৫ সদস্যের ডিসিপ্লিনারি কমিটি আগেই তৈরি হয়ে আছে। তারাই আগামী সভায় একটি আচরণ বিধি প্রায় প্রস্তুত করে ফেলবে। তারপর তা বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় পাঠানো হবে এবং পরে চূড়ান্ত অনুমোদন দেবে ফিফা।
খসড়া আচরণ বিধিতে ১৩৮টি অনুচ্ছেদ থাকবে। যেসবে বিভিন্ন প্রেক্ষাপটে খেলোয়াড়দের শাস্তি, ক্লাবকে সতর্ককীরণ, ভেন্যু বাতিল, নিষেধাজ্ঞা ইত্যাদি নানা বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা থাকবে। এছাড়া ডোপিং এবং বর্ণবাদ নিয়েও বেশ কড়া নিয়ম-কানুনের মধ্যে বাঁধা পড়ছে বাংলাদেশের ফুটবল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫০ঘ.
bdnews24