ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বিকেএসপিতে গিয়ে ফুটবলারদের আরো পেশাদার হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। রোববার বিকেলে তারা বিকেএসপিতে গেছেন মারদেকা কাপের জন্য ডাক পাওয়া খেলোয়াড়দের প্র্যাকটিস দেখতে।
বিকেএসপি থেকেই বাফুফের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাদল রায় টেলিফোনে জানিয়েছেন, "খেলোয়াড়দের উদ্দীপ্ত করতে আমরা ক্যাম্পে এসেছি। তাছাড়া আমরা যে তাদের জীবনের নিরাপত্তার জন্য কিছু কিছু পদক্ষেপ নিচ্ছি সেগুলো স্পষ্টভাবে জানিয়েছি। বিনিময়ে তাদের কাছ থেকে আমরা পেশাদারীত্ব আশা করি।" জাতীয় দলের খেলোয়াড়দের ম্যাচ-ফি ও তাদের বীমা সুরক্ষার আওতায় আনার ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী ১৫ অক্টোবর থেকে মালয়েশিয়ায় শুরু মারদেকা কাপের আগে এগুলো চালু করার প্রতিশ্র"তি দিয়েছেন তারা খেলোয়াড়দের।
বাফুফের সহ সভাপতি বাদল রায় বলেছেন, "আগে খেলোয়াড়দের মধ্যে জাতীয় দলের ব্যাপারে নানারকম ক্ষোভ ছিল। আশা করছি এসব সুযোগ-সুবিধা চালু করলে সেটা থাকবে না। আমরা চাইছি খেলোয়াড়রা মাঠের খেলায়ও পেশাদার হোক। সেখানে যেন নিজেদের আন্তরিকতার এতটুকু ঘাটতি না থাকে। তাই এখন থেকে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আমরাও চুলচেরা বিশ্লেষন করবো।"
রোববার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ছয় সদস্য বিকেএসপিতে গেছেন এবং প্র্যাকটিস দেখেছেন। দলের প্রস্তুতি নিয়ে তিনি বলেছেন, "দেখেছি সবাই প্র্যাকটিসে খুব আন্তরিক। আর চার-পাঁচদিন পরে বোঝা যাবে দলের কী অবস্থা! তবে আরিফ খান জয় কেন ক্যাম্পে যোগ দেয়নি আমি জানি না। তার অপারগতার কথা অন্তত কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানানো উচিত ছিল।"
৩০ জনকে প্রাথমিক ক্যাম্পে ডাকা হলেও মেহেদী হাসান উজ্জ্বল ও জয় ছাড়া এখন ২৮ জনকে নিয়ে প্রাথমিক প্রস্তুতি চলছে নতুন কোচ শফিকুল ইসালাম মানিকের অধীনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯০৫ঘ.
bdnews24