প্যারিস, ২৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বার্সেলোনায় থিয়েরি অঁরির দিনকাল মোটেই ভালো যাচ্ছে না ইদানিং। গত বুধবার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় রিয়াল বেটিসের বিপক্ষে তো তাকে মাঠেই নামাননি বার্সেলোনা কোচ পেপ গার্ডিওলা। সাইডবেঞ্চে বসে থাকতে থাকতে বিরক্ত অঁরি তাই আগামী জানুয়ারিতে শীতকালীন দলবদলের সময় 'বার্সা' ছেড়ে অন্য কোথাও যাওয়ার প্রচ্ছন্ন হুমকি দিলেন কোচকে।
"এখন হয়তো ব্যাপারটা তেমন প্রাসঙ্গিক নয়। তবে এই ঘটনা চলতেই থাকলে আমাদের অবশ্যই এটা নিয়ে কথা বলতে হবে"--- ফরাসী ক্রীড়াদৈনিক 'এল কিপ'-কে দেয়া সাক্ষাতকারে অঁরির বক্তব্য।
ফ্রান্সের অভিজ্ঞ স্ট্রাইকারের ক্ষোভটা অবশ্য অস্বাভাবিক কিছু নয়। এ মৌসুমের শুরুতে বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার সময় ওপরে অর্থাৎ স্ট্রাইকার হিসাবে খেলার সুযোগ পাওয়ার আশা করেছিলেন তিনি। তখন গার্ডিওলাও বলেছিলেন ফর্ম ভালো না থাকায় স্যামুয়েল এ'তোকে আর দলে রাখতে তিনি আগ্রহী নন। কিন্তু ফর্ম ফিরে পাওয়ায় স্ট্রাইকার হিসাবে এ'তোর এখন বার্সেলোনার প্রথম একাদশে থাকা নিশ্চিত। আর ক্যামেরুনিয়ান স্ট্রাইকার সেই নিশ্চয়তা পাওয়ার জন্যই অঁরির সামনে এখন ঘোর অনিশ্চয়তা!
কয়েকটা ম্যাচে অবশ্য আক্রমণভাগের বাঁদিকটায় খেলার সুযোগ পেয়েছেন অঁরি। কিন্তু সেখানে ঔজ্জ্বল্য ছড়াতে ব্যর্থ হওয়ায় বেটিসের বিপক্ষে তার জায়গায় আন্দ্রেস ইনিয়েস্তার ওপরে আস্থা রেখেছেন গার্ডিওলা।
অথচ মৌসুম শুরু হওয়ার আগে কোচের কাছ থেকে নিশ্চয়তা পেয়েই বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অঁরি। তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল গার্ডিওলা তাকে সত্যিই স্ট্রাইকার হিসাবে খেলানোর নিশ্চয়তা দিয়েছিলেন কি না। এই প্রশ্নে আর্সেনালের সর্বকালের অন্যতম সফল স্ট্রাইকারের সোজাসাপ্টা জবাব, "এটা সত্যি যে মৌসুম শুরু হওয়ার আগে কোচের সঙ্গে কথা বলেছিলাম আমি। আমার কাছে সেই আলোচনা ছিল একেবারেই পরিষ্কার।"
কিন্তু সেই 'পরিষ্কার আলোচনা'র পরও বার্সেলোনায় অঁরির জায়গা এখন সাইডবেঞ্চে। তার তো ক্ষুব্ধ হওয়ারই কথা!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৪৭ঘ.
bdnews24