রিও ডি জেনিরো, ২৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সময়টা খারাপ যাচ্ছিল অনেক দিন ধরেই। সেই খারাপ সময়টা দীর্ঘায়িত করে আবার ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন রোনালদিনিয়ো। আগামী মাসে ভেনেজুয়েলা আর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য ব্রাজিল দলে সাবেক ওয়ার্ল্ড ফুটবলার অফ দ্য ইয়ারকে রাখেননি ব্রাজিলের কোচ দুঙ্গা। তবে ইতালিয়ান লিগের দল এসি মিলানে তার সতীর্থ কাকা আবার ডাক পেয়েছেন। হাঁটুতে অস্ত্রোপচারের কারণে অনেকদিন ব্রাজিল দলের বাইরে ছিলেন তিনি।
প্রায় বছর দেড়েক উপেক্ষিত থাকার পর অলিম্পিকের দলে ফিরেছিলেন রোনালদিনিয়ো। কিন্তু অলিম্পিকটা খারাপ কাটার পর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের এক ম্যাচে মিস করেছেন পেনাল্টি। ওই ম্যাচটা ৩-০ গোলে জিতলেও পরের ম্যাচে দেশের মাটিতে বলিভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল আর রোনালদিনিয়োকে শুনতে হয়েছে সমর্থকদের দুয়ো।
দুঙ্গা অবশ্য বলছেন, এ মৌসুমেই বার্সেলোনা থেকে মিলানে যোগ দেওয়া এই প্লে মেকারের 'বিশ্রাম' প্রয়োজন, আর সে জন্যই নেওয়া হয়েছেন এই সিদ্ধান্ত। "রোনালদিনিয়ো এমন একজন খেলোয়াড়, যার ওপর আমাদের অগাধ আস্থা রয়েছে। আমাদের সঙ্গে অলিম্পিকে ভালোই সময় কাটিয়েছে সে। আর নতুন দলে যোগ দেওয়ার পর তার ট্রেনিংয়ের জন্য কিছুটা সময় লাগা খুবই স্বাভাবিক। এবার সেই সময়টা পাবেন তিনি। আমরা সবাই মিলে সবার চেনা রোনালদিনিয়োকে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব কিছুই করবো"
bdnews24