মাদ্রিদ, ২৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেভিড ভিয়ার জোড়া গোল স্প্যানিশ প্রিমেরা লিগার শীর্ষে ফিরিয়েছে ভ্যালেন্সিয়াকে। বৃহস্পতিবার নবাগত মালাগাকে ২-০ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।
বিরক্তিকর এই ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত গোল করতে পারেনি কোনো দলই। আগের রাউন্ড পর্যন্ত শীর্ষে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট হারানো যখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, তখনই জ্বলে উঠেছেন ভিয়া। গোলমুখ থেকে হুয়ান মাতার ব্যাকপাসে মাথা ছুঁইয়ে প্রথম গোলটি করেছেন তিনি। আর ম্যাচের একেবারে শেষের দিকে একক প্রচেষ্টায় করেছেন দ্বিতীয় গোলটি।
এই জয়ে চার ম্যাচ থেকে ভ্যালেন্সিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ১০ পয়েন্ট। সমান পয়েন্ট পাওয়া ভিলা রিয়ালের চেয়ে গোলপার্থক্যে এগিয়ে আছে তারা।
বৃহস্পতিবার প্রিমেরা লিগার অন্য দুটি ম্যাচেরও নিস্পত্তি হয়েছে একই ব্যবধানে। এর একটিতে রিয়াল ভ্যালাদোলিদ হারিয়েছে আলমেইরাকে, অন্যটিতে নুমানসিয়ার বিপক্ষে জিতেছে রিয়াল মায়োর্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪৫২ ঘ.
bdnews24